নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গুড মর্নিং! মেসির সঙ্গে ছবি তুলতে চান? সাতসকালে ইয়ার্কি ভাববেন না। ছবি তো কোন ছাড়, হাত মেলানোও হাতের মুঠোয়। খরচ মাত্র ১০ লক্ষ টাকা। তারপর হরিপদ কেরানি থেকে আপনিই বেতাজ বাদশা। মেসির সঙ্গে হাত মেলান। ছবি তুলুন। ড্রইং-রুমে ফ্রেম বাঁধিয়ে সাজিয়ে রাখুন। সাধে কী বলে, ফেলো কড়ি মাখো তেল!
নির্দিষ্ট অ্যাপ মারফত মেসি সফরের টিকিট বিক্রি করা হয়। ঢুঁ মারতেই চক্ষু চড়কগাছ। ফলাও করে প্রচার করা হয়েছে ১০ লাখের গল্প। কর্পোরেট মোড়কে অফার। মিট অ্যান্ড গ্রিটে একাধিক গৌরী সেনের তালিকায় জ্বলজ্বল করবে আপনার নাম। শুধু গাঁটে কড়ি খসাতে হবে। তাতেই বাঁ পায়ের জাদুকরের সঙ্গে হাত মেলানোর সুযোগ। এমনকী, গ্রুপে থাকতে পারেন পরিবার, আত্মীয়, বন্ধুও। তবে সংখ্যাটা কোনওমতে ছয়ের বেশি নয়। সূত্রের খবর, অফার লুফে নিয়েছেন অনেকেই। যুবভারতী ক্রীড়াঙ্গনের ঢিল ছোড়া দূরত্বে পাঁচতারা হোটেলে ক্ষণিকের অতিথি মেসি। শনিবার সকালে সেখানেই এলাহি আয়োজন। পোশাকি নাম মিট অ্যান্ড গ্রিট। কর্পোরেট বস, স্পনসরদের সঙ্গে ১০ লাখি অতিথিও সুস্বাগতম। ঘণ্টাখানেকের অনুষ্ঠান। তাতেই কিংবদন্তির সঙ্গে হাত মেলানো ও ছবি তোলার সুবর্ণ সুযোগ।
কলকাতার পর মেসির গন্তব্য হায়দরাবাদ। চারমিনারের শহরে ভিআইপির সংখ্যা কম নয়। মুম্বই, দিল্লি তো রয়েইছে। মিট অ্যান্ড গ্রিটের দর হু হু করে বাড়ছে। আপশোস হচ্ছে? হতাশা ঝেড়ে কপাল ঠুকে লেগে পড়ুন। আর কে না জানে, ভাগ্য সাহসীদের সহায় হয়।
মেসির গোট ইন্ডিয়া ট্যুরের সম্প্রচার ডিডি স্পোর্টস ও সোনি লিভে।