সংবাদদাতা, পতিরাম: প্রান্তিক দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন হাসপাতালে কথায় কথায় রোগী রেফার করার অভিযোগ ওঠে। তারপরেই হয়রানি বেড়ে যেত রোগী এবং পরিজনদের। এবার সেই ঝক্কি কমার আশা দেখছেন বাসিন্দারা। আজ, মঙ্গলবার থেকে চালু হচ্ছে সেন্ট্রাল রেফারেল সিস্টেম। এই ব্যবস্থায় অন্য হাসপাতালে বেড খালি রয়েছে কি না জানা যাবে। সেক্ষেত্রে ভর্তি থাকা গুরুতর রোগীদের সেখানে পাঠাতে পারবে কর্তৃপক্ষ। এমনকী রাজ্যের কোন হাসপাতালে সিট ফাঁকা রয়েছে, সেটাও জানা যাবে। সেই অনুযায়ী রিকুইজিশন পাঠিয়ে রোগীদের সেখানে ভর্তি করাবে হাসপাতাল। জেলার আটটি ব্লক ও মহকুমা হাসপাতাল থেকে এই পদ্ধতিতে বালুরঘাট জেলা হাসপাতালের বেড বুক করা যাবে। এতে ভিনজেলার হাসপাতালে রোগী নিয়ে গিয়ে হয়রানি কমবে বলেই মনে করছে বিভিন্ন মহল। বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, সেন্ট্রাল রেফারেল সিস্টেমে অন্য হাসপাতালে বেড খালি রয়েছে কি না দেখে আমরা সেখানে রোগীদের পাঠাতে পারব। পাশাপাশি আমাদের জেলা হাসপাতালেও ব্লক থেকে রোগীদের নির্দিষ্ট পদ্ধতিতে ভর্তি করানো যাবে। সেক্ষেত্রে সবকিছুই সুষ্ঠুভাবে হবে বলে আশা করছি। মেডিক্যাল কলেজ নেই বলে বালুরঘাট জেলা হাসপাতালে রোগীর প্রচণ্ড চাপ থাকে। এই হাসপাতালে পরিকাঠামো থাকলেও হার্ট, কিডনি সহ অনেক বিভাগই নেই। ফলে ওই বিভাগে আসা গুরুতর রোগীকে রেফার করা হয়। রোগীকে কোথায় নিয়ে গেলে সুবিধা হবে দিশা পান না পরিজনরা। সেক্ষেত্রে রেফারেল ব্যবস্থায় ভীষণ সুবিধা হবে বলে মনে করছেন অনেকে।
Advertisement
অন্য হাসপাতালে পরিজনকে নিয়ে গিয়ে বেডের অভাবে চরম ভোগান্তি হয়েছিল বালুরঘাট শহরের রানা দাশগুপ্তর। তাঁর কথায়, জেঠুকে গুরুতর অসুস্থ অবস্থায় বালুরঘাট থেকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেখানে বেড না থাকায় ভর্তি করা সম্ভব হয়নি। ফলে সারাদিন ঘুরতে হয়েছিল। রেফারেল সিস্টেমে আগে থেকেই নির্দিষ্ট হাসপাতালের সিট খালির বিষয়ে জানা যাবে। এতে আমাদের মতো প্রান্তিক জেলার বাসিন্দাদের সুবিধা হবে।



