সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জের রূপাহার সংলগ্ন এলাকায় কবরস্থানে বসছে জুয়া ও মদের আসর। এর জেরে সমস্যায় পড়েছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ওই কবরস্থানে নানা সময়ে মৃতদেহ কবর দিতে যেতে হয়। কিন্তু সেখানে সুস্থ পরিবেশ নেই। বেশ কয়েকবার অভিযুক্তদের এনিয়ে নিষেধ করা হলেও তারা বিষয়টি পাত্তা দিচ্ছে না। তাই বাধ্য হয়ে শুক্রবার এলাকার বাসিন্দারা এনিয়ে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। শায়েস্তা আবেদিন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, কবরস্থানের পরিবেশ নষ্ট হচ্ছে। তাই আমরা পুলিসের দ্বারস্থ হলাম। থানার লিখিত অভিযোগ করলাম। পুলিস উপযুক্ত ব্যবস্থা নেবে এই আশা রাখছি। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।



