নয়াদিল্লি: ভারতের নির্বাচকমণ্ডলীর পরবর্তী চেয়ারম্যান কি রুদ্রপ্রতাপ সিং? সেক্ষেত্রে অজিত আগরকরের স্থলাভিষিক্ত হবেন তিনি। বুধবার এমন খবর ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তবে এই বিষয়ে বিসিসিআইয়ের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। ফলে জল্পনা বাড়ছে। আসলে আগরকরের আমলে অনেক সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠেছে। তার মধ্যে মহম্মদ সামিকে জাতীয় দলের বাইরে রাখা ও শুভমান গিলকে টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া নিয়ে জোর বিতর্ক হয়েছে। বলা হয়ে থাকে যে, কোচ গৌতম গম্ভীরের মর্জি অনুসারেই চলেন আগরকর। উল্লেখ্য, ৪৮ বছর বয়সি প্রাক্তন পেসার খেলেছেন ২৬টি টেস্ট, ১৯১টি ওডিআই এবং ৪টি টি-২০। তিন ফরমাটে তাঁর উইকেট যথাক্রমে ৫৮, ২৮৮ ও ৩। অন্যদিকে, আরপি এখন অন্যতম নির্বাচক। তিনি খেলেছেন ১৪টি টেস্ট, ৫৮টি ওডিআই এবং ১০টি টি-২০ ম্যাচ। তিন ফরমাটে তাঁর উইকেট যথাক্রমে ৪০, ৬০ ও ১৫। খেলোয়াড়ি জীবনে আগরকরের চেয়ে পিছিয়ে থাকলেও নির্বাচমণ্ডলীর চেয়ারম্যান হিসেবে এবার মুম্বইকরের চেয়ার কাড়তে পারেন আরপি।



