Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সৌরভকে মহারাজকীয় সংবর্ধনা

সৌরভকে মহারাজকীয় সংবর্ধনা
  • ১৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: রবিবার বোলপুরে সৌরভ গঙ্গোপাধ্যায়কে মহারাজকীয় সংবর্ধনা দেওয়া হল। বোলপুর পুরসভার উদ্যোগে ও বীরভূম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে এদিন সংবর্ধনা দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানটি বোলপুরের ডাকবাংলো মাঠ সংলগ্ন স্টেডিয়াম মাঠে আয়োজন করা হয়। প্রাক্তন হলেও মহারাজের ‘ক্রেজ’ যে একটুও কমেনি, এদিন বিশাল জনসমাগম সেই কথাই প্রমাণ করে। কালো মেঘের ভ্রুকুটিকে উপেক্ষা করে এদিন শহরের বিভিন্ন প্রান্তের মানুষ স্টেডিয়াম মাঠে সমবেত হয়েছিলেন। বিশ্বভারতীর রীতি ও ঐতিহ্যকে অনুসরণ করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্রসঙ্গীত, আদিবাসী নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরডিএ-এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূমের জেলাশাসক বিধান রায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ, বীরভূম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুদীপ্ত ঘোষ প্রমুখ।

Advertisement

রবীন্দ্র জন্মজয়ন্তী ২৫ বৈশাখে বোলপুরে আসার কথা ছিল ‘প্রিন্স অব ক্যালকাটা’র। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সফরসূচি পরিবর্তন করেন তিনি। ভিডিও বার্তায় দুঃখপ্রকাশ করে জানান, ১৮মে তিনি নিশ্চিত বোলপুর শহরে আসছেন। সেই অনুযায়ী স্টেডিয়াম মাঠের বিশাল জায়গাজুড়ে মঞ্চ প্রস্তুতি শুরু করেন পুরসভার কর্মকর্তারা। এরপর সৌরভ মাঠে আসতেই প্রবল উন্মাদনার সৃষ্টি হয়। তাঁর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল(সিএবি)-এর সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ঝুলন গোস্বামী এবং সিএবির অন্যান্য কর্মকর্তারা। মঞ্চে আসার পর তাঁরা সকলেই রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করেন। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন সৌরভ সহ অন্যান্যরা। এরপর তাঁকে সংবর্ধনা দেন চেয়ারপার্সন পর্ণা ঘোষ। জেলা প্রশাসনের তরফে সৌরভকে সংবর্ধনা জ্ঞাপন করেন জেলাশাসক বিধান রায়। এদিনের অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল বলেন, সৌরভ আসছেন শুনে বোলপুরের সাংসদ খেলার উন্নতিকল্পে চার কোটি টাকা বরাদ্দ করেছেন। সৌরভকে বোলপুরে একটা ক্রিকেট অ্যাকাডেমি করার জন্য অনুরোধ জানিয়েছি। এরপর সৌরভ বলেন, প্রথমবার বোলপুরে এসে ভীষণ ভালো লাগছে। অনুব্রতবাবু আমাকে এখানে কোচিং করে দেওয়ার জন্য বলেছেন। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নৃত্য দেখতে পেরে ভালো লাগছে। এটাই শান্তিনিকেতনের ঐতিহ্য। ক্রিকেট ছাড়াও ভলিবল, বাস্কেটবল, ফুটবল সহ অন্যান্য খেলায় বীরভূম অনেক উন্নতি করেছে শুনে ভালো লাগছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ