সংবাদদাতা, কাকদ্বীপ: বুধবার সারাদিন ছিল মেঘলা আকাশ। মাঝেমধ্যে হালকা বৃষ্টি হয়েছে। তবে গঙ্গাসাগর ও বকখালির সমুদ্র ছিল উত্তাল। তাই এদিন পুণ্যার্থী ও পর্যটকদের সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এখানে সিভিল ডিফেন্সের কর্মীরা নজরদারির দায়িত্বে ছিলেন। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য এনডিআরএফের এক কোম্পানি বাহিনীকে কাকদ্বীপে রাখা হয়েছে। এছাড়াও মহকুমা শাসকের দপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ব্লক ও পঞ্চায়েত স্তরের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রেখে পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। ব্লকগুলিতে পানীয় জল ও শুকনো খাবার মজুত রাখা রয়েছে। এছাড়াও ফ্লাড শেল্টারগুলি প্রস্তুত রাখা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী এগুলি ব্যবহার করা হবে।
মৎস্যজীবীদের নদীতে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাকদ্বীপের মহকুমা শাসক শুভঙ্কর ভট্টাচার্য বলেন, ‘মহকুমা অফিসে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা রয়েছে। ব্লক অফিস গুলিতে কন্ট্রোলরুম খোলা হয়েছে। এছাড়াও পঞ্চায়েত গুলিতে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো রয়েছে। এনডিআরএফ টিমও প্রস্তুত রয়েছে।’



