নিজস্ব প্রতিনিধি, বারাসত: শুক্রবার বারাসত পুলিস জেলায় তিনটি মৃতদেহ উদ্ধার হল। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে সংশ্লিষ্ট থানা। শুক্রবার সকালে দত্তপুকুরের শিবালয় এলাকায় বন্ধ ঘর থেকে উদ্ধার হয় এক বৃদ্ধের পচাগলা দেহ। মৃতের নাম সজল বেলুন্ডি (৬৮)। তিনি অবিবাহিত ছিলেন। একাই বাড়িতে থাকতেন। এদিন সকালে তাঁর বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। পরে পুলিস এসে তাঁর পচাগলা দেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সজল দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। পুলিস দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
অন্যদিকে, গোবরডাঙার লক্ষ্মীপুল থেকে উদ্ধার হয় অভিষেক মণ্ডলের (২৮) ঝুলন্ত দেহ। শুক্রবার সকালে বাড়ি থেকে ২০০ মিটারের মধ্যে এক প্রতিবেশীর আমগাছের ডালের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহটি উদ্ধার করে পুলিস। দেহ উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিসের অনুমান, মানসিক অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছেন তিনি। আর অশোকনগরের কল্যাণগড় এলাকার এক যুবক প্রদীপ দাসের (২৬) ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর নিজের বাড়ি থেকেই। মৃতের মা অশোকনগরের মালিকবেড়িয়া এলাকায় মেয়ের বাড়িতে যান বুধবার। এদিন ফেরার কথা ছিল। কিন্তু বাড়ি আসার আগেই ছেলের আত্মঘাতী হওয়ার খবর পান তিনি। প্রদীপ একটি গেঞ্জি কারখানায় কাজ করতেন।