লন্ডন: প্রিমিয়ার লিগে মর্যাদার ম্যাঞ্চেস্টার ডার্বিতে নামার আগে কোচ চূড়ান্ত করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মরশুমের বাকি সময়ের জন্য রেড ডেভিলসের দায়িত্ব সামলাবেন ক্লাবেরই প্রাক্তন ফুটবলার মাইকেল ক্যারিক। ফুটবল কেরিয়ারে দীর্ঘ ১২ বছর ওল্ড ট্রাফোর্ডে কাটিয়েছেন এই ইংলিশ ফুটবলারটি। অবসরের পর মরিনহোর সহকারী হিসেবে কাজ করেন। এমনকী, ২০২১ সালে কিছুদিনের জন্য ইউনাইটেডের দায়িত্ব সামলেছেন তিনি। এরপর ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত তিনি কোচিং করান মিডলসবরোয়। রুবেন আমোরিম ছাঁটাইয়ের পর অন্তবর্তীকালীন কোচ হিসেবে কাজ করছিলেন ক্যারিক। তবে বুধবার আনুষ্ঠানিকভাবে হেড কোচ হিসেবে তাঁর ঘোষণা করেন ম্যান ইউ কর্তারা।
এদিকে, মাইকেল ক্যারিকের সহকারী হিসেবে ম্যান ইউয়ের ডাগ-আউটে থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন ওয়েন রুনি। তিনি বলেন, ‘আমি তো বরাবর বলেছি, ঘরের ছেলে কোচ হলে ম্যান ইউয়ের লাভই হবে। তাই এই দায়িত্বে উপযুক্ত ক্যারিক।’ সেই সঙ্গে তাঁর সংযোজন, ‘ক্লাব চাইলে আমি যে কোনও দায়িত্ব পালনে রাজি। প্রয়োজনে ক্যারিকের সহকারী হিসেবে পাশে থাকতে চাই। তবে আমি কিন্তু কাজ চাইতে আসিনি।’ অন্যদিকে, লিগ কাপের ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল ম্যান সিটি। মঙ্গলবার টুর্নামেন্টের সেমি-ফাইনালের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে নিউকাসলকে ২-০ গোলে হারাল নীল ম্যাঞ্চেস্টার। ম্যাচে সিটিজেনদের হয়ে জাল কাঁপান আন্তোনিও সেমেনো ও রায়ান চের্কি। আগামী ৪ ফেব্রুয়ারি ফিরতি পর্বে ফের মাঠে নামবে দুই দল।