সংবাদদাতা, লালবাগ: বৃহস্পতিবার সকালে স্কুল চলাকালীন কচিকাঁচাদের উপর হুমমুড়িয়ে ভেঙে পড়ল মুর্শিদাবাদ থানার নতুনগ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের টালির চাল। ঘটনায় জখম হয়েছে আটজন শিশু। স্থানীয়রা ছুটে এসে জখম শিশুদের উদ্ধার করে তড়িঘড়ি লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরে এক শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকলেও সংস্কার করা হয়নি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন লালবাগ মহকুমা শাসক বনমালি এবং মুর্শিদাবাদ থানার আইসি। লালবাগ মহকুমা শাসক ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি শিশুদের অভিভাবক ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। বর্তমানে জখম শিশুরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জখম শিশুদের শারীরিক অবস্থা স্থিতিশীল। লালবাগ মহকুমা শাসক বনমালি রায় বলেন, সেন্টারটি অঙ্গনওয়াড়ি কর্মীর বাড়িতেই অস্থায়ীভাবে চলছিল। এদিন স্কুল চলাকালীন টালির চাল ভেঙে পড়লে আটজন শিশু জখম হয়েছে। তাদের চিকিৎসা চলছে। ঘটনার সময় স্কুলে উপস্থিত বাকি শিশুদের নজরদারিতে রাখা হয়েছে। কোনওপ্রকার সমস্যা দেখা দিলে প্রশাসনকে জানানোর পাশাপাশি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ অভিভাবকদের দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালের ঘটনার বিষয়ে সিডিপিও এবং সুপারভাইজারকে রিপোর্ট দেওয়ার জন্য দেওয়ার জন্য বলা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে। সেন্টারটির জন্য বিকল্প জায়গা দেখা হচ্ছে।



