১৫ মিনিটের স্পেলে হ্যাটট্রিক রোনাল্ডোর
  • ৩১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিয়াধ: বয়স ৪১। তাতে কী আসে যায়! সিআরসেভেন নিজের মেজাজেই আছেন। সৌদি প্রো লিগে আল খোলুদের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন সিআরসেভেন। সেই সুবাদে পেশাদার ফুটবলে রোনাল্ডোর লক্ষ্যভেদের সংখ্যা ৯৮৫। কেরিয়ারে হাজার গোলের মাইলস্টোন থেকে মাত্র ১৫ ধাপ দূরে পর্তুগিজ মহাতারকা। ২০২৪ সালে আল নাসেরের হয়েই শেষবার হ্যাটট্রিক করেছিলেন সিআরসেভেন। দেখালেন, দু’বছর পরেও জাল কাঁপানোর অভ্যাসে মরচে পড়েনি এতটুকু। উল্লেখ্য, এদিন তাঁর আরও দু’টি গোল অফ-সাইডের জন্য বাতিল হয়। সহকারী রেফারির সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ ছিলেন রোনাল্ডো। চলতি মরশুমে সৌদি প্রো লিগে এটি রোনাল্ডোর অষ্টম গোল। সবমিলিয়ে আল নাসেরের হয়ে এই মরশুমে গোলের সংখ্যা ৯। কোথায় থামবেন তিনিই জানেন! জাতীয় দলের কোচ জর্জ হেসাস নিশ্চয়ই ম্যাচ দেখেছেন। কোচের সঙ্গে সমস্যার কারণে পর্তুগাল শিবির ছেড়েছিলেন মেগাস্টার। রোনাল্ডোর দুরন্ত ফর্ম কি বরফ গলাবে?

Advertisement

আল নাসেরের বিরুদ্ধে শুরুতে অবশ্য আল খোলুদই লিড নিয়েছিল। ১৬ মিনিটে জাল কাঁপান জুলিয়েন। আট মিনিট পরেই ১-১। অ্যাঞ্জেলো গাব্রিয়েলের গোলে সমতায় ফেরে রোনাল্ডোর দল। বিরতির আগে ২-১ করেন সাদিও মানে। তবে ব্যবধান বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধের সংযোজিত সময়ে ২-২ আল খোলুদ ফের সমতায় ফিরে আসে। এক্ষেত্রে জাল কাঁপাতে ভুল করেননি এসোম্বা। বিরতির পর অবশ্য রোনাল্ডোর টর্নেডোয় যাবতীয় প্রতিরোধ শেষ। ৬৬ মিনিটে হোয়াও ফেলিক্সের পাস থেকে বাঁ পায়ের প্লেসিংয়ে ৩-২ করেন তিনি। মিনিট পাঁচেক পর সেই ফেলিক্স-রোনাল্ডো কম্বিনেশনেই ৪-২। ফেলিক্সের তুলোর মতো ভাসানো চিপে অনেকটা স্পট জাম্পে জাল কাঁপিয়েই সিউউউউ সেলিব্রেশন শুরু। ৮১ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করে ছুটে যান গ্যালারির দিকে। শেষদিকে স্পটকিক থেকে খোলুদ ব্যবধান কমালেও লাভের লাভ কিছু হয়নি। ৫-৩ ব্যবধানে ম্যাচ জেতে রোনাল্ডোর দল।