পরিকল্পনামাফিক ফুটবলে আজ পাঞ্জাব বধের ছক মোহন বাগানের
  • ৩১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: অনিরুদ্ধ থাপার পাস ধরে ডান দিক বরাবর উঠে জেলকোভিচের ক্রস! তাতে লক্ষ্যভেদের মহড়ায় ব্যস্ত আরউইন, সাহালরা। নোটবুক হাতে সেদিকে কড়া নজর রেখেছেন মোহন বাগান কোচ পানাজিওটিস। বলার অপেক্ষা রাখে না, উইং প্লে’তেই শনিবার যুবভারতীতে পাঞ্জাব বধের ছক কষছেন তিনি। প্রতিপক্ষ তথা তাঁর প্রাক্তন ক্লাব পাঞ্জাব এফসি এখনও পর্যন্ত আইএসএলে অপরাজিত। কিন্তু গত ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে দু’টি গোল হজম করেছে তারা। উল্লেখ্য, তাদের রক্ষণে কোনো বিদেশি নেই। আর এই জায়গাতেই আঘাত হেনে বাজিমাতের ভাবনায় সবুজ-মেরুন কোচ। তবে ম্যাচের আগে পানোস যথেষ্ট সতর্ক। সাংবাদিক সম্মেলনে তাঁর মন্তব্য, ‘পাঞ্জাব যথেষ্ট শক্তিশালী দল। ওদের কোচ পাভলোস অতীতে আমার মেন্টর ছিলেন। তবে মোহন বাগান মাঠে নামে জেতার জন্য। সেরাটা উজাড় করে দিতে তৈরি ছেলেরা।’

Advertisement

সবুজ-মেরুনে একাধিক ম্যাচ উইনার। কিন্তু যুদ্ধ জিততে পারফরম্যান্স প্রয়োজন। দরকার পরিকল্পনার নিখুঁত ব্লু প্রিন্ট। চলতি মরশুমে পানোসের মোহন বাগানে তাতেই গলদ। না হলে গত ম্যাচ চলাকালীন কি আর একাধিকবার ফর্মেশন পরিবর্তন করতে হয় কোচকে? চেন্নাইয়ানের বিরুদ্ধে দল জিতলেও মন ভরাতে ব্যর্থ সবুজ-মেরুন ব্রিগেড। প্রশ্নের মুখে কোচের কৌশলও। মিগুয়েল যখন নেই শুরু থেকে সাহালকে খেলানো হচ্ছে না কেন? গ্রিক হেডমাস্টার সাংবাদিক সম্মেলনে মেনেও নিলেন, গত ম্যাচে দল প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে ব্যর্থ।  হতাশা ঝেড়ে ফেলে চেনা মোহন বাগানকে ফেরানোর আশ্বাস দিয়েছেন। যা ইঙ্গিত তাতে, পাঞ্জাবের বিরুদ্ধে সাহালকে স্টার্টিং লাইন-আপে রেখেই দল সাজাচ্ছেন। কেরালাইটকে মাঝমাঠে সঙ্গত করবেন অনিরুদ্ধ থাপা ও সম্ভবত সমীর জেলকোভিচ। কারণ আপুইয়া সদ্য হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ম্যাচ খেলার পরিস্থিতিতে তিনি নেই। মিগুয়েলও মাঠে বাইরে। ম্যাকলারেন এখনও ফিট নন। শুক্রবার অনুশীলনেও আলাদা রিহ্যাব করলেন তিনি। তাই সিঙ্গল স্ট্রাইকার আরউইনের সঙ্গে দুই উইংয়ে ডানা মেলতে তৈরি মনবীর ও ড্রাজিচ। এদিন সিচুয়েশন প্র্যাকটিসে টাংরি, ছাংতেদের রেখেও পরখ করে নিলেন কোচ। 
আইএফএ শিল্ডেও পাঞ্জাবের বিরুদ্ধে ১২০ মিনিটে ম্যাচের ফয়সালা হয়নি। শেষ পর্যন্ত টাই-ব্রেকারে বাজিমাত করে মোহন বাগান। তবে আইএসএলে পাঞ্জাব বেশ ক্ষুরধার। টেবিলে তৃতীয় স্থানে রয়েছে তারা (৩ ম্যাচে ৭ পয়েন্ট)। সেখানে পঞ্চম স্থানে মোহন বাগান (৬ পয়েন্ট)। আলাদা করে উল্লেখ করতে হবে পাঞ্জাবের ফরোয়ার্ড মেসি বৌলির কথা। এখনও পর্যন্ত তিনবার বিপক্ষের জাল কাঁপিয়েছেন ইস্ট বেঙ্গলের প্রাক্তনী। তাঁকে রোখাই বড়ো চ্যালেঞ্জ আলবার্তোদের। এছাড়া আলফ্রেড পানাস, মহম্মদ সুহেলরা ছন্দে রয়েছেন। সবমিলিয়ে শনিবার যুবভারতীতে মোহন বাগানের জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে।
 যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার ইউটিউবে।