আস্তানা: কুস্তির ম্যাটে ইতিহাস গড়লেন মনীষা ভানওয়াল। প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন তিনি। দেশের অন্যতম সফল কুস্তিগির ভিনেশ ফোগাটের এই কৃতিত্ব নেই। শুক্রবার শীর্ষস্থান দখলের লড়াইয়ে মার্কিন প্রতিদ্বন্দ্বী এলিজাবেথ নেটের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ৮-৬ ব্যবধানে ম্যাচ জিতে ভারতকে সোনা এনে দিলেন মনীষা। ৫৯ কেজি বিভাগে এই নজির গড়লেন তিনি। উল্লেখ্য, এই ওজনের কোনো বিভাগ ওলিম্পিকসে নেই। এছাড়া ৫০ কেজি বিভাগে নীলম সেরোহি ও ৭৬ কেজি বিভাগে কাজল ধোচাক রুপো জেতেন।
২০২১ সালে অংশু মালিক ৫৭ কেজি বিভাগে এই আসরে ফাইনালে উঠেছিলেন। কিন্তু সেবার রুপোয় থামতে হয়েছিল তাঁকে। তাছাড়া ভিনেশ ও অন্তিম পাংঘাল দু’বার ব্রোঞ্জ পদক জিতেছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের শেষ সফল কুস্তিগির ছিলেন সুশীল কুমার। পুরুষদের ফ্রি স্টাইলে ৬৬ কেজি বিভাগে ২০১০ সালে পোডিয়াম ফিনিশ করেছিলেন তিনি। ১৬ বছর পর মনীষার হাত ধরে এই আসরে ফের সোনা জিতল ভারত। শুরু থেকেই ছন্দে ছিলেন তিনি। লরেন্স বিউরেগার্ড, বোলোরর্তুয়া খুরেলখুর মতো প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে আশা জাগিয়েছিলেন তিনি। এছাড়াও আলতিন শাগায়েভাকে সেমি-ফাইনালে ম্যাচে চেপে ধরে পয়েন্ট ছিনিয়ে নেন মনীষা।



