নয়াদিল্লি: কোচিং স্টাফ নিয়োগে বড় চমক দিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। গতকাল বোলিং কোচের পদ থেকে সরানো হয়েছিল লাসিথ মালিঙ্গা, পরশ মাম্বরেকে। আগেই হেড কোচ থেকে সরে দাঁড়িয়েছিলেন মাহেলা জয়বর্ধনে। তখনই বোঝা যাচ্ছিল, ষষ্ঠ আইপিএল ট্রফি জয়ের লক্ষ্যে দলকে খোলনলচে বদলে ফেলতে চায় ফ্র্যাঞ্চাইজি। ব্যাটিং কোচ থেকে হেড কোচের পদে উন্নীত হয়েছিলেন কিয়েরন পোলার্ড। তাঁর ছেড়ে যাওয়া জুতোয় পা গলালেন রবীন উথাপ্পা। তিনি ব্যাটিং কোচ নিযুক্ত হয়েছেন। অতীতে তিনি খেলেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। ফলে দলের পরিবেশ ও চিন্তাভাবনা সম্পর্কে উথাপ্পার সম্যক ধারণা থাকবে, সেটাই স্বাভাবিক। যেটা তাঁকে কোচিং করাতে সাহায্য করবে।
বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের মিচেল ম্যাকলেনাঘানকে। অতীতে তিনিও মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছিলেন। অর্থাৎ দলের প্রাক্তন খেলোয়াড়দের উপরই মুম্বই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট ভরসা রাখছে। সেই হিসাবেই ধবল কুলকার্নিকেও কোচিং স্টাফে যুক্ত করা হয়েছে। আসলে গত ছ’বছরে মুম্বই দু’বার প্লে-অফে খেললেও ষষ্ঠ ট্রফি অধরা থেকেছে। তাই এবার আইপিএলের ঢাকে কাঠি পড়ার আগেই কোচিং স্টাফে বড়ো বদল ঘটিয়ে নতুন করে পথ চলার বার্তা দিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন রাখা হবে কিনা, সেটা অবশ্য স্পষ্ট নয়।



