আর্লিংটন: ভেনেজুয়েলায় গত মাসের ভয়াবহ ভূমিকম্প কেড়েছে সবকিছু। পরিবারের সবাই মৃত। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া ছোট্ট আন্দ্রেসের প্রাণ বাঁচলেও অস্ত্রোপচারে কাটা গিয়েছে এক পা। সর্বস্বান্ত হওয়া কিশোরের এখন দিন কাটছে হাসপাতালে। সব হারানোর যন্ত্রণা বুকে নিয়ে। সেখান থেকেই আন্দ্রেস জানায়, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপের স্টিকার পাওয়া তাঁর স্বপ্ন। ভূমিকম্পে তাঁর স্টিকারের অ্যালবাম হারিয়ে গিয়েছে যে!
আন্দ্রেসের এই ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। ট্যাগ করা হয় রোনাল্ডোকেও। পর্তুগালের অধিনায়কের চোখেও পড়ে তা। ভক্তের করুণ আর্তি এড়িয়ে যাননি তিনি। পালটা ভিডিয়ো করেন রোনাল্ডো। তাতে বলেন, ‘হ্যালো আন্দ্রেস, কেমন আছ? তোমাকে আলিঙ্গন করার জন্য এই ভিডিয়ো করছি। আমি জানি যে, তুমি সুপারফ্যান। সুস্থ হয়ে ওঠার পর তোমাকে তাই আমার একটা ম্যাচ দেখতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তোমার সঙ্গে দেখা হলে খুব ভালো লাগবে। বন্ধু, তোমায় আলিঙ্গন।’ জানা গিয়েছে, পর্তুগালের সই করা জার্সিও আন্দ্রেসকে পাঠিয়েছেন তিনি।
সিআরসেভেনের এমন মানবিক আচরণ সাড়া ফেলেছে ফুটবলদুনিয়ায়। উল্লেখ্য, চলতি বিশ্বকাপের শেষ ১৬’র ম্যাচে সোমবার রাতে স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। অধরা মাধুরী কাপ জিততে মরিয়া ৪১ বছর বয়সি। এখনও পর্যন্ত এই আসরে ৩টি গোল করেছেন তিনি। ৬টি বিশ্বকাপে লক্ষ্যভেদ করার অনন্য কীর্তির মালিক রোনাল্ডো। অন্য কোনো ফুটবলারের এই কৃতিত্ব নেই। আন্দ্রেসকে করা ভিডিয়ো ভাইরাল হয়ে ওঠার পর অবশ্য মানুষ রোনাল্ডোও প্রশংসিত হচ্ছেন।