Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

নিষ্প্রভ রোনাল্ডো, জিতল পর্তুগাল

আন্তর্জাতিক ফুটবল থেকে ইতিমধ্যেই অবসর ঘোষণা করেছেন লায়োনেল মেসি। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থামতে চান না। ৪৩ বছর বয়সি ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরেই বৃহস্পতিবার নেশনস লিগে নেমেছিলেন।

নিষ্প্রভ রোনাল্ডো, জিতল পর্তুগাল
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লিসবন: আন্তর্জাতিক ফুটবল থেকে ইতিমধ্যেই অবসর ঘোষণা করেছেন লায়োনেল মেসি। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থামতে চান না। ৪৩ বছর বয়সি ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরেই বৃহস্পতিবার নেশনস লিগে নেমেছিলেন। কিন্তু তাঁর থেকে অধিনায়কোচিত পারফরম্যান্স পাওয়া যায়নি। একাধিক নিশ্চিত গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ তিনি। তবে হোয়াও ফেলিক্সের একমাত্র গোলে ওয়েলসকে হারিয়েছে পর্তুগাল।

Advertisement

গতবারের নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল। এবারও খেতাব ধরে রাখার লক্ষ্যে নেমেছে রোনাল্ডো অ্যান্ড কোং। ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিলেন সিআরসেভেন। তবে ফেলিক্সের পাস ধরে বক্স থেকে তাঁর কোনাকুনি শট লক্ষ্যভ্রষ্ট হয়। কয়েক মিনিট পর ফের রোনাল্ডোর শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লাগে। শেষ পর্যন্ত ২২ মিনিটে পর্তুগালকে কাঙ্ক্ষিত লিগ এনে দেন ফেলিক্স। বক্সের বাইরে থেকে নেওয়া শটে জাল কাঁপান তিনি (১-০)। প্রথমার্ধে আরও গোল আসতে পারত। কিন্তু রোনাল্ডো ফের কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেন। এদিন যেন নিজের ছায়া হয়েই থাকলেন তিনি। শেষ পর্যন্ত ৬৭ মিনিটে তাঁকে মাঠ থেকে তুলে নেন কোচ জর্জ হেসাস। বাকি সময়ে অবশ্য স্কোরলাইনের পরিবর্তন হয়নি। 
নেশনস লিগে অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস-জার্মানি। গ্রুপ বি-এর লড়াই ঘিরে সমর্থকদের আলাদা আকর্ষণ ছিল। কারণ জাতীয় দলের কোচ হিসাবে অভিষেক হল জাভি হার্নান্ডেজ ও জুরগেন ক্লপের। ডাচদের ডাগ-আউটে জাভি। আর জার্মানির হেডমাস্টার ক্লপ। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচটি ১-১ ড্র হয়। ৩২ মিনিটে ফেলিক্স নেমচার গোলের লিড নিয়েছিল জার্মানি। নির্ধারিত সময় পর্যন্ত স্কোরলাইনের পরিবর্তন হয়নি। তবে সংযোজিত সময়ে কডি গাকপোর গোলে হার বাঁচাল নেদারল্যান্ডস। অন্যদিকে, গ্রুপ ডি-এর ম্যাচে ডেনমার্ককে ৩-২ ব্যবধানে হারাল নরওয়ে। জোড়া গোলে নায়ক আর্লিং হালান্ড। এছাড়া নরওয়ের হয়ে স্কোরশিটে নাম তুলেছেন অস্কার বব। আর ডেনমার্কের হয়ে স্কোরশিটে নাম তুলেছেন ডামসগার্ড ও রাসমুস হয়ল্যান্ড।

Advertisement
সম্পর্কিত সংবাদ