লিসবন: দীর্ঘ বিরতির পর আবারও দেশের জার্সিতে নামতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার নেশনস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। তার জন্য সোমবারই জাতীয় শিবিরে যোগ দেন সিআরসেভেন। লিসবনে পর্তুগাল ফুটবলের হেড কোয়ার্টার পা রেখেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রোনাল্ডো। সঙ্গে লেখেন, ‘এখানে ফিরে আসতে পেরে ভালো লাগছে।’ উল্লেখ্য, গত বছর ১৬ নভেম্বর শেষবার দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন রোনাল্ডো। নেশনস লিগের গ্রুপ পর্বে পোল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে নক-আউটের টিকিট নিশ্চিত করে ২০১৯ সালের চ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোল ছিল সিআরসেভেনের। গ্রুপের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অবশ্য তাঁকে বিশ্রাম দিয়েছিলেন কোচ রবার্তো মার্তিনেজ। তাই দীর্ঘ বিরতির পর নক-আউট পর্বেও গোলের ছন্দ ধরে রাখাই লক্ষ্য পর্তুগিজ মহাতারকার।



