Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পেশাদার ফুটবলে ৯৫০ গোল সিআরসেভেনের

পেশাদার ফুটবলে হাজার গোলের মাইল ফলকের লক্ষ্যে আরও একধাপ এগলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনিবার সৌদি প্রো লিগে আল হাজামের বিরুদ্ধে স্কোরশিটে নাম তোলার সুবাদে কেরিয়ারে ৯৫০তম গোলটি সেরে ফেললেন সিআরসেভেন।

পেশাদার ফুটবলে ৯৫০ গোল সিআরসেভেনের
  • ২৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রিয়াধ: পেশাদার ফুটবলে হাজার গোলের মাইল ফলকের লক্ষ্যে আরও একধাপ এগলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনিবার সৌদি প্রো লিগে আল হাজামের বিরুদ্ধে স্কোরশিটে নাম তোলার সুবাদে কেরিয়ারে ৯৫০তম গোলটি সেরে ফেললেন সিআরসেভেন। আর ৫০বার জাল কাঁপালেই হাজার গোলের লক্ষ্যপূরণ হবে পর্তুগিজ মহাতারকার। ম্যাচে ২-০ গোলে জিতল আল নাসের। রোনাল্ডো ছাড়া স্কোরশিটে নাম তোলেন হোয়াও ফেলিক্স। এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াধের ক্লাবটি। পাশাপাশি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু’র গ্রুপ পর্বেও টানা তিন ম্যাচে জয় পেয়েছে তারা। তবে রোনাল্ডো অল্পতে থামতে নারাজ। শনিবার ম্যাচ জয়ের পর ইনস্টাগ্রামে সিআরসেভেন লেখেন, ‘দলের আরও একটি জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। একই সঙ্গে কেরিয়ারে ৯৫০তম গোল পূর্ণ। তবে খিদে এখনও মেটেনি। আরও অনেক দূর এগতে হবে।’

Advertisement

ইউরোপের পাঠ চুকিয়ে ২০২৩ সালে আল নাসেরে যোগ দেন রোনাল্ডো। প্রথম মরশুমে আরবিয়ান চ্যাম্পিয়ন্স কাপ জিতলেও, এরপর ব্যর্থতা ছাড়া কিছুই জোটেনি কপালে। চলতি মরশুমের শুরুতে তাঁর দল ছাড়া নিয়ে শুরু হয় গুঞ্জন। তবে যাবতীয় জল্পনা উড়িয়ে ২০২৭ পর্যন্ত আল নাসেরে থাকার সিদ্ধান্ত নেন তিনি। একই সঙ্গে দলের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ট্রফি জয়ের জন্য ঝাঁপানোর বার্তা দিয়েছিলেন রোনাল্ডো। তাঁর খেলাতেও সেই মরিয়া প্রয়াস দেখা মিলছে। সৌদি লিগে ৬ ম্যাচে ৬ গোলেই তা প্রতিফলিত।

Advertisement
সম্পর্কিত সংবাদ