সংবাদদাতা, রঘুনাথপুর: দক্ষিণ- পূর্ব রেলের আদ্রা ডিভিশন আজ, সোমবার ৩০ নভেম্বর থেকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত এক সপ্তাহব্যাপী রোলিং ব্লক নেওয়া হয়েছে। যার কারণে ডিভিশন জুড়ে একাধিক ট্রেন চলাচলে পরিবর্তন করা হয়েছে। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, ট্রাফিক কাম রোলিং ব্লকের জন্য বেশ কয়েকটি মেমু প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে। কিছু ট্রেনের যাত্রা আংশিকভাবে শেষ বা শুরু হবে। একটি ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। এবং একটি ট্রেনের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে ও একটি ট্রেনকে নিয়ন্ত্রিতভাবে চালানো হবে।
আদ্রা ডিভিশনের তরফ থেকে জানানো হয়েছে, ৬৮০৪৬/৬৮০৪৫ (আসানসোল-আদ্রা-আসানসোল) মেমু প্যাসেঞ্জার এবং ৬৮০৯০/৬৮০৮৯ (আদ্রা-মেদিনীপুর-আদ্রা) মেমু প্যাসেঞ্জার ১, ৪ এবং ৬ ডিসেম্বর বাতিল করা হয়েছে। একেই ভাবে ৬৮০৭৭/৬৮০৭৮ (আদ্রা-ভাগা-আদ্রা) মেমু প্যাসেঞ্জার ৪ এবং ৬ ডিসেম্বর বাতিল করা হয়েছে। এবং ৬৩৫৯৪/৬৩৫৯৩ (আসানসোল-পুরুলিয়া-আসানসোল) মেমু প্যাসেঞ্জার ৪ ডিসেম্বর বাতিল করা হয়েছে।
বাতিলের পাশাপাশি কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে। জানানো হয়েছে, ৬৮০৫৬/৬৮০৬০ (টাটা-আসানসোল-বরাভূম) মেমু প্যাসেঞ্জার ১,৪, এবং ৬ ডিসেম্বর আদ্রা স্টেশনে আংশিকভাবে যাত্রা শুরু ও সমাপ্ত করবে। ওইদিনগুলিতে ট্রেনটির পরিষেবা আদ্রা-আসানসোল অংশের মধ্যে বাতিল থাকবে। অন্যদিকে, ৬৩৫৯৪/৬৩৫৯৩ (আসানসোল-পুরুলিয়া-আসানসোল) মেমু প্যাসেঞ্জার ২ ডিসেম্বর আদ্রা স্টেশন থেকে আংশিকভাবে যাত্রা শুরু ও সমাপ্ত করবে। আদ্রা-পুরুলিয়া অংশের মধ্যে পরিষেবা বাতিল থাকবে। এছাড়া, ৬৮০৫৩/৬৮০৫৪ (আদ্রা-বরাভূম-আদ্রা) মেমু প্যাসেঞ্জার আজ সোমবার, ২ এবং ৫ ডিসেম্বর পুরুলিয়া স্টেশন থেকে আংশিকভাবে যাত্রা শুরু ও সমাপ্ত করবে। ওই দিনগুলিতে পুরুলিয়া-বরাভূম অংশের মধ্যে পরিষেবা বাতিল থাকবে। পরিষেবা সংক্ষিপ্তের ১৮৬০১ (টাটা -হাটিয়া) এক্সপ্রেস আজ, সোমবার এবং ২ ও ৫ ডিসেম্বর চান্ডিল-পুরুলিয়া-কোটশিলা-মুরি নির্ধারিত পথের পরিবর্তে চান্ডিল-গুন্ডা বিহার-মুরি হয়ে পরিবর্তিত পথে চলাচল করবে। পাশাপাশি ১৮০৩৬ (হাটিয়া-খড়গপুর) এক্সপ্রেস ২ ডিসেম্বর হাটিয়া থেকে নির্ধারিত সময়ের ৭৫ মিনিট পরে ছাড়বে। এবং ১৮১৮৪ (বোকারো-টাটা) এক্সপ্রেস ১,৪ এবং ৬ ডিসেম্বর প্রয়োজন অনুযায়ী ৪৫ থেকে ৬০ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রণ করা হতে পারে।
রেলের তরফ থেকে রোলিং ব্লক ঘোষণার পরই আদ্রা, পুরুলিয়া, আসানসোল, বরাভূম, মেদিনীপুর রুটের নিত্যযাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। নিত্যযাত্রীদের অভিযোগ, বারবার ব্লকের নামে ট্রেন বাতিল করা হলেও বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয় না। রেলের তরফে আগাম প্রচারও ঠিকমতো হয় না, ফলে স্টেশনে এসে যাত্রীরা হয়রানির শিকার হন। তবে দক্ষিণ - পূর্ব রেলের আদ্রা ডিভিশনের তরফ থেকে যাত্রীদের যাত্রার আগে ট্রেনের সময়সূচি যাচাই করে নেওয়ার অনুরোধ করা হয়েছে।



