২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘লায়লা মজনু’ ছবিটি। একতা কাপুরের প্রযোজনায় ছবির পরিচালনা করেছিলেন সাজিদ আলি। সম্পর্কে তিনি পরিচালক ইমতিয়াজ আলির ভাই। এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন ইমতিয়াজ। ছবির গল্প সাজানো থেকে শুরু করে চিত্রনাট্য— সবকিছুতে সৃজনশীল ভাবনা ছিল তাঁর। ফের একতার সঙ্গে জুটি বাঁধছেন ইমতিয়াজ। এবার জনপ্রিয় লোকগল্প ‘হীর রাঞ্ঝা’কে নিয়ে ছবি তৈরি করছেন তাঁরা। এই ছবিতেও পরিচালনার দায়িত্বে থাকবেন সাজিদ আলি। শোনা যাচ্ছে, এবার আর তৃপ্তি দিমরি ও অবিনাশ তিওয়ারির জুটি দেখা যাবে না। পরিবর্তে ছবিতে যোগ দিচ্ছেন অভিনেতা রোহিত শ্রফ। তাঁর বিপরীতে কাজ করবেন একজন নতুন নায়িকা। ইতিমধ্যে চিত্রনাট্যের কাজ অনেকখানি হয়ে গিয়েছে। শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। সদ্য ছবির একটি ঝলক প্রকাশ্যে এসেছে। তা দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।



