Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে আজ নজরে রবসন

চোট সারিয়ে পুরোদমে অনুশীলনে জেমি ম্যাকলারেন। আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু’র অভিযান শুরুর আগে যা অবশ্যই স্বস্তিতে রাখছে মোহন বাগান টিম ম্যানেজমেন্টকে।

গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে আজ নজরে রবসন
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোট সারিয়ে পুরোদমে অনুশীলনে জেমি ম্যাকলারেন। আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু’র অভিযান শুরুর আগে যা অবশ্যই স্বস্তিতে রাখছে মোহন বাগান টিম ম্যানেজমেন্টকে। পিঠে ব্যথার কারণে বেশ কয়েকদিন অনুশীলন করতে পারেননি এই অজি তারকা। যা রীতিমতো চিন্তায় রেখেছিল কোচ হোসে মোলিনাকে। তবে রবিবার থেকে ফের বল পায়ে মাঠে নামেন তিনি। আর সোমবার বাকিদের সঙ্গে চুটিয়ে অনুশীলন করলেন ম্যাকলারেন। ফলে মঙ্গলবার এফসি গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তাঁকে সামনে রেখেই দল সাজাতে পারেন বাগান কোচ।

Advertisement

গত দু’সপ্তাহ কঠোর অনুশীলন সারে মোহন বাগান। এই পর্বে ফুটবলারদের ফিটনেস উন্নতির উপর বাড়তি নজর দেন কোচ মোলিনা। ইতিমধ্যেই ষষ্ঠ বিদেশি হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন রবসন রবিনহো। মঙ্গলবার এফসি গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তাঁর দিকেও নজর থাকবে। আসলে এশিয়ান মঞ্চে প্রতিনিধিত্ব করার আগে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না মোহন বাগান। তাই মানোলো ব্রিগেডের বিরুদ্ধে খেলে নিজেদের যাচাই করে নিতে চাইছেন বাগান কোচ। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু এই ম্যাচ। ফুটবলারদের ম্যাচ ফিটনেসের পাশাপাশি টিম কম্বিনেশন গড়ে তোলার উপরও নজর দেবেন মোলিনা। উল্লেখ্য, এএফসি কাপে প্রথম একাদশে ৬ বিদেশি খেলানোর সুযোগ থাকছে। তাই রবিনহোকে কোন পজিশনে ব্যবহার করবেন, সেদিকেও নজর থাকবে। তবে চোটের কারণে এই ম্যাচে নেই অনিরুদ্ধ থাপা। উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর আহল এফসির বিরুদ্ধে এসিএল টু অভিযান শুরু করবেন জেসন কামিংসরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ