Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

উপস্বাস্থ্য কেন্দ্র-১ পরিদর্শনে রবি, গরহাজির কর্মীদের পাশে লিখলেন অনুপস্থিত

সময় মতো স্বাস্থ্যকেন্দ্রে আসেন না কর্মীরা। ফলে পুরসভার উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে অপেক্ষা করতে হয় চিকিৎসা পরিষেবা নিতে আসা শহরের বাসিন্দাদের।

উপস্বাস্থ্য কেন্দ্র-১ পরিদর্শনে রবি,  গরহাজির কর্মীদের পাশে লিখলেন অনুপস্থিত
  • ১৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দেওয়ানহাট: সময় মতো স্বাস্থ্যকেন্দ্রে আসেন না কর্মীরা। ফলে পুরসভার উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে অপেক্ষা করতে হয় চিকিৎসা পরিষেবা নিতে আসা শহরের বাসিন্দাদের। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে শুক্রবার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রণব গোস্বামীকে সঙ্গে নিয়ে স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্র-১ পরিদর্শন করেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। সকল সোয়া ১০টা নাগাদ আসেন চেয়ারম্যান। তিনিও দেখেন নির্দিষ্ট সময়েও আসেননি একাধিক কর্মী। অনেকক্ষণ তিনি অপেক্ষা করেন। এরপরেই ক্ষুব্ধ রবিবাবু গরহাজির কর্মীদের হাজিরা খাতায় নিজেই অনুপস্থিত লিখে দেন। দেরি করে আসা কর্মীদের সতর্ক করেন। পুনরায় দেরি করে স্বাস্থ্যকেন্দ্রে এলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন চেয়ারম্যান। 

Advertisement

পরে চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, অভিযোগ পাওয়ার পর এদিন আমি নিজেই ১২ নম্বর ওয়ার্ডের উপস্বাস্থ্য কেন্দ্রে এসেছি। নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক কর্মীই আসেননি। হাজিরা খাতায় তাঁদের নামের পাশে অনুপস্থিত করা হয়েছে। কেউ যাতে আর দেরি করে না আসেন সেনিয়ে সতর্ক করা হয়েছে। এরপরেও এমনটা হলে ওই কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমার চাই, মানুষ ভালো পরিষেবা পাক। তাঁদের পরিষেবা পেতে যাতে কোনও সমস্যা না হয় সেটা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।  

Advertisement
সম্পর্কিত সংবাদ