নিজস্ব প্রতিনিধি, বরানগর: খাবার ডেলিভারি বয়ের ছদ্মবেশে দমদমের স্বর্ণ ব্যবসায়ীর ফ্ল্যাটে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রিভলভার ও চপার মাথায় ঠেকিয়ে দুষ্কৃতীরা প্রথমে পরিবারের সদস্যদের বেঁধে ফেলে। এরপর বিপুল সোনা ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। তবে স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের তৎপরতায় আবাসনের লিফটের ভিতরেই এক দুষ্কৃতী ধরা পড়ে। বুধবার বিকেলের এই ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত দুষ্কৃতীকে জেরা করা হচ্ছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কত পরিমান সোনা ও নগদ টাকা দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দমদমের দুর্গানগর স্টেশন রোডের এক আবাসনের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী অমিতাভ দাস। এদিন বিকালে অমিতাভবাবু সপরিবারে বাড়িতেই ছিলেন। সাড়ে তিনটে নাগাদ তিনি নিজের ঘরে টিভি দেখছিলেন। মধ্যাহ্ন ভোজন শেষে তাঁর স্ত্রী রমাদেবী পাশের ঘরে শুয়েছিলেন। পরিচারিকা ডাইনিং রুমে খাচ্ছিলেন। ওই সময় ফ্ল্যাটের কলিং বেলের আওয়াজ পেয়ে উঠে যান পরিচারিকা। দরজা খুলতেই তিন যুবককে দেখতে পান। তাঁদের মাথা হেলমেটে ঢাকা ছিল। পরণে ছিল খাদ্য সরবরাহ সংস্থার পোশাক ও কাঁধে সংস্থার ব্যাগ। পরিচারিকা ভাবেন, বাড়ির কেউ খাবার অর্ডার করেছেন। আচমকাই তিন যুবক তাঁকে ঠেলে ফ্ল্যাটে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর অমিতাভবাবুর ছেলের মাথায় রিভলভার ঠেকিয়ে চেয়ারে বসিয়ে হাত বেঁধে দেয়। অমিতাভবাবু সহ বাকি দুই মহিলার হাত, পা ও মুখ বেঁধে দেয়। সেলোটেপ লাগিয়ে দেওয়া হয় মুখে। অমিতাভবাবুর স্ত্রী রমাদেবীর ঘরের দরজা বাইরে
থেকে বন্ধ করে দেওয়ায়, তিনি দরজায় ধাক্কা দিতে শুরু করেন। দুষ্কৃতীরা ঘরের দরজা খুলে তাঁরও হাত, পা বেঁধে মুখে সেলোটেপ লাগিয়ে দেয়। এরপর একের পর এক আলমারির চাবি খুলে বিপুল সোনা ও নগদ টাকা নিয়ে খাবারের ব্যাগে ভরে। এরপর বাইরে থেকে দরজা টেনে চম্পট দেয়।
পরিবার সূত্রে জানা যায়, দুষ্কৃতীরা বেরিয়ে যেতেই রমাদেবী হাত-পায়ের বাঁধন আলগা করার চেষ্টা চালান। হাতের বাঁধন খুলে যেতেই চেয়ারে পা বাঁধা অবস্থাতেই তিনি দরজা খোলেন। সকলের বাঁধন খুলে দ্রুত তাঁরা সিড়ি বেয়ে ফ্ল্যাটের নীচে নামেন। তখন দেখেন দুই যুবক বাইক নিয়ে পালাচ্ছে। তাঁদের চিৎকার চেঁচামেচিতে ততক্ষণে স্থানীয়রাও জড়ো হয়। মোবাইল ফোন ছিল ফ্ল্যাটের ভিতরে। পরিবারের সদস্যরা লিফটে চারতলায় উঠতে যান। সেই সময় লিফটে খাবারের ব্যাগ সহ এক দুষ্কৃতীকে দেখতে পেয়ে তাঁরা চিৎকার শুরু করেন। স্থানীয়দের সাহায্যে এক দুষ্কৃতীকে পাকড়াও করা সম্ভব হয়। খবর পেয়ে দ্রুত
দমদমের এসিপি সহ দমদম থানার বড় পুলিশ বাহিনী পৌঁছয়। পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।



