বাইপাসে দেদার চুরি-ছিনতাই, ১৫  মিনিটে বদল ফোনের আইএমইআই, চোরাই মোবাইল বিক্রির নয়া মার্কেট আনন্দপুরের মার্টিনপাড়া
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

স্বার্ণিক দাস, কলকাতা: সায়েন্স সিটি থেকে কালিকাপুর। ইএম বাইপাসের এই অংশই হল মোবাইল চুরি, ছিনতাইয়ের অন্যতম হটস্পট। ভিড় বাসে পকেটমারি হোক কিংবা বাসের জানালার বাইরে থেকে ছোঁ মেরে মোবাইল ছিনতাই— প্রতিদিনই গড়ে পাঁচ থেকে সাতটি মোবাইল চুরি বা ছিনতাইয়ের অভিযোগ ওঠে। শুধু তাই নয়, ফাঁকা বাইপাসের সার্ভিস রোডে হাঁটাচলা করাও এখন যথেষ্ট বিপজ্জনক। একটু অসাবধান হলেই অজ্ঞাতপরিচয়ের বাইক আরোহী এক ছোঁ-তে হাপিস করতে পারে আপনার দামি মোবাইল। 

Advertisement

থানায় গিয়ে মোবাইল চুরির অভিযোগ করলেও লাভ নেই। কারণ, মোবাইল খোয়া যাওয়ার ১৫ মিনিটের মধ্যেই বদলে যাচ্ছে আসল আইএমইআই নম্বর। ফলে মোবাইলের নাগাল পাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ছে পুলিশের পক্ষেও। গোটা কর্মকাণ্ডের কেন্দ্রস্থল আনন্দপুর থানা এলাকার মার্টিনপাড়া। সম্প্রতি একটি মোবাইল চুরির ঘটনায় দীর্ঘদিন ধরে চলা এই কারবারের পর্দা ফাঁস করল লালবাজারের গোয়েন্দা বিভাগ। লালবাজার সূত্রে খবর, বাইপাসের উপর চুরি যাওয়া সমস্ত মোবাইল বিক্রি হয় আনন্দপুরের মার্টিনপাড়ায় অবস্থিত একাধিক মোবাইল মেরামতির দোকানে। আদতে দোকানগুলি চোরাই মোবাইল কেনার আখড়া। মেরামতির আড়ালে চলে চোরাই মোবাইলের আইএমইআই নম্বর বদল। ফলে পুলিশও ওইসব চোরাই মোবাইল আর ট্র্যাক করতে পারে না।
বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ অফিস থেকে বাড়ি ফিরছিলেন শুচিস্মিতা বিশ্বাস। বাসের জানালার পাশের আসনে বসেছিলেন তিনি। ভিআইপি বাজারের কাছে যাত্রী তোলার পর বাসটি এগতে শুরু করে। সেই মুহূর্তে মহিলার হাতে থাকা মোবাইল ফোন ছোঁ মেরে তুলে নেয় এক দুষ্কৃতী। এরপর ওই এলাকায় একটি বিরিয়ানির দোকানের পাশ দিয়ে দৌড়ে পালিয়ে যায় সে। অভিযোগ হলে খবর পৌঁছায় লালবাজারে। তদন্তে নামে গোয়েন্দা বিভাগের ওয়াচ শাখা। মোবাইল নম্বর ট্র্যাক করে সর্বশেষ লোকেশনের সন্ধান পান গোয়েন্দারা। দেখা যায়, বাইপাসের উপর ওই বিরিয়ানির দোকানের কাছেই বন্ধ করা হয়েছে মোবাইলের সিম। 
এরপর ধন্দে পড়েন গোয়েন্দারা। তাহলে মোবাইলের হদিশ মিলবে কীভাবে? আচমকা তাঁরা খোয়া যাওয়া ফোনের লোকেশন অ্যালার্ট পান। ঘটনাস্থল থেকে ১.২ কিমি দূরে মার্টিনপাড়ায় মেলে লোকেশন। দ্রুত সেখানে যান গোয়েন্দারা। একটি মোবাইল মেরামতির দোকানে মোবাইলের লোকেশন দেখাচ্ছিল তখন। দোকানটির নাম ‘মোবোকার্ট’। সেখানে থাকা চারজনকে আটক করে পুলিশ। তাদের জেরা করতেই বেরিয়ে আসে শুচিস্মিতার মোবাইল। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পান তদন্তকারীরা। শুধু ‘মোবোকার্ট’ নয়, এই ধরনের বহু মোবাইল মেরামতির দোকান গজিয়ে উঠছে আনন্দপুর থানা এলাকার মার্টিনপাড়ায়। কোনোটা রাস্তার উপরে, আবার কোনোটি বাড়ির সিঁড়ির তলায়। নিয়মিত টহলদারি চালালেও যা পুলিশের নজরে আসবে না। 
বাইপাস ও সংলগ্ন এলাকায় মোবাইল চুরির পর বাইক বা স্কুটারে করে এই সমস্ত দোকানে নিয়ে আসে অভিযুক্তরা। নিমেষে আইএমইআই নম্বর বদলে দিয়ে ফের ঘুরপথে অভিযুক্তদের কাছেই পৌঁছে যায় সেটি। প্রতিটি নম্বর বদলের ক্ষেত্রে খরচ দু’ হাজার টাকা। এইসব ভুয়ো আইএমইআই নম্বরযুক্ত মোবাইল বিক্রি হয় চাঁদনিতে। এই তথ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোয়েন্দা মহলে। ইতিমধ্যেই ‘মোবোকার্ট’ বন্ধ করে দেওয়া হয়েছে।