Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাইরাল হওয়া ভিডিও’র সূত্র ধরেই পাকড়াও ছিনতাইকারী

সোনার দোকানে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল হতেই পুলিসের জালে ধরা পড়ল ছিনতাইকারী।

ভাইরাল হওয়া ভিডিও’র সূত্র ধরেই পাকড়াও ছিনতাইকারী
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সোনার দোকানে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল হতেই পুলিসের জালে ধরা পড়ল ছিনতাইকারী। শ্রীরামপুর থানার পুলিস বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে হাওড়ার শ্যামপুর থানার গড়চুমুক থেকে ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সুশান্ত দাস। অভিযানের সময় সে গড়চুমুকে শ্বশুরবাড়িতে ছিল। তার কাছ থেকে একটি সোনার চেন ও ১৮ হাজার টাকা পাওয়া গিয়েছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত সুশান্ত হুগলি জেলার পাশাপাশি এবং অন্যান্য জেলা ও ভিন রাজ্যে গিয়েও বিভিন্ন সোনার দোকানে ছিনতাই ও চুরি করেছে বলে অভিযোগ। শুক্রবার তাকে আদালতে পেশ করে টিআই প্যারেডের জন্য আবেদন করেছে চন্দননগর কমিশনারেটের পুলিস।

Advertisement

পুলিসের একটি সূত্রে জানা গিয়েছে, সুশান্ত এক সময় গুজরাতে সোনার দোকানে কাজ করত। গুজরাতে একটি সোনার দোকানে ছিনতাই করে সে পালিয়ে এসেছিল। তারপর ছিনতাইকেই পেশা হিসেবে বেছে নেয়। মূলত গ্রাহক সেজে সে দোকানে গিয়ে রেকি করত। তারপরেই সুযোগ বুঝে ছিনতাই করে পালাত। হুগলির শ্রীরামপুরের বউবাজারের দোকানেও সে গ্রাহক সেজে একাধিকবার এসেছিল। তারপর ২৮ মে সে একগুচ্ছ সোনার হার ছিনতাই করে গায়েব হয়ে যায়। সিসি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছিল। সেই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। তারপর হইচই শুরু হয়। এনিয়ে চন্দননগরের কমিশনাটের ডিসিপি অর্ণব বিশ্বাস বলেন, আমরা আগেই বলেছিলাম, অপরাধী পার পাবে না। বিশেষ অভিযান চালিয়ে হাওড়া থেকে ছিনতা‌ইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এই ধরনের আরও অভিযোগ আছে। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ