Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ার প্রতিটি পঞ্চায়েতে তৈরি হবে প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা, খুশি বাসিন্দারা

পুরুলিয়ার প্রতিটি পঞ্চায়েতে তৈরি হবে প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা, খুশি বাসিন্দারা
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে পুরুলিয়ার প্রতিটি পঞ্চায়েতে অন্তত একটি করে রাস্তা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে এসংক্রান্ত নির্দেশিকা এসে পৌঁছেছে। ইতিমধ্যে ব্লক প্রশাসনের মাধ্যমে জেলার ১৭০টি পঞ্চায়েতকে নির্দেশিকার বিষয়ে জানানো হয়েছে। শুধু পুরুলিয়া জেলাতেই নয়, রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে পিচ রাস্তা তৈরির নির্দেশ দিয়েছে নবান্ন। জেলা প্রশাসনের এক পদস্থ আধিকারিক বলেন, আমরা রাজ্যের তরফে নির্দেশিকা পেয়েছি। সমস্ত পঞ্চায়েতকে তা জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ মেনে বেশিরভাগ পঞ্চায়েতেই কঠিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা শুরু হয়েছে। তারই একটা অংশ প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা তৈরি করা। প্রশাসন জানিয়েছে, পিচের রাস্তা জল পেলে নষ্ট হয়ে যায়। সেই কারণে কয়েকটি বর্ষা পার করলেই রাস্তা থেকে পিচের আস্তরণ উঠতে থাকে। কিন্তু পিচের সঙ্গে প্লাস্টিক মেশানো থাকলে তা সহজে নষ্ট হবে না। রাস্তা বেশি টেকসই হবে।
প্রশাসনের এক আধিকারিক বলেন, প্লাস্টিক ব্যবহারের ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাস্তুতন্ত্রে এর প্রভাব পড়ছে। তাই প্লাস্টিক বর্জ্য মিশিয়ে রাস্তা তৈরি হলে পরিবেশের ভারসাম্য অনেকটা রক্ষা করা সম্ভব হবে। প্লাস্টিক বর্জ্য দিয়ে পরীক্ষামূলকভাবে ‘পরিবেশবান্ধব’ রাস্তা তৈরির প্রক্রিয়া দু’বছর আগেই রাজ্যে শুরু হয়েছে। এবছরের শুরুতে পুরুলিয়ার জয়পুর ব্লকের পুন্দাগ গ্রামে প্রায় তিন কিলোমিটার রাস্তা প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে তৈরি হয়। এবার প্রতিটি পঞ্চায়েতেই একটি করে এমন রাস্তা তৈরি করা হবে।
পুরুলিয়া জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি তথা ডিস্ট্রিক্ট নোডাল অফিসার(স্যানিটেশন) জীবনকৃষ্ণ বিশ্বাস বলেন, জেলার বেশিরভাগ পঞ্চায়েতেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ে তোলা হয়েছে। বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করে তা থেকে প্লাস্টিক পৃথকীকরণ করা হচ্ছে। তারপর নির্দিষ্ট প্রক্রিয়ায় সেই প্লাস্টিক কুচি করা হয়। সেই প্লাস্টিক বর্জ্য বিটুমিনের সঙ্গে মিশিয়ে রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে।
আধিকারিকরা জানান, সাধারণত ৭৫ মাইক্রনের বেশি ঘনত্বের প্লাস্টিক পুনর্ব্যবহার করা সম্ভব। কিন্তু তার চেয়ে কম মাইক্রনের প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা যায় না। এমন প্লাস্টিক কয়েকশো বছর ধরে পরিবেশে থেকে যেতে পারে। তাতে দূষণ বাড়ে। সেজন্য বিটুমিনের সঙ্গে প্লাস্টিক বর্জ্য মিশিয়ে রাস্তা তৈরি হলে তা পরিবেশবান্ধব হবে। সেইসঙ্গে রাস্তা তৈরির খরচও কিছুটা কমবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ