সংবাদদাতা, দিনহাটা: রাস্তার বেহাল দশার প্রতিবাদে পথ অবরোধ করলেন স্থানীয়রা। সোমবার সকালে দিনহাটা-চৌধুরীহাট রাজ্যসড়কে অবরোধে বসেন তাঁরা।
সংবাদদাতা, দিনহাটা: রাস্তার বেহাল দশার প্রতিবাদে পথ অবরোধ করলেন স্থানীয়রা। সোমবার সকালে দিনহাটা-চৌধুরীহাট রাজ্যসড়কে অবরোধে বসেন তাঁরা।
অভিযোগ, দিনহাটা ভিলেজ-২ গ্রাম পঞ্চায়েতের ভাগ্নি-২ গ্রামের দিনহাটা মহকুমা কৃষি কার্যালয় থেকে উত্তম সরকারের বাড়ি অবধি প্রায় দেড় কিমি কাঁচা রাস্তাটি দীর্ঘদিন বেহাল। ২০১৯ সালে একবার রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ করেন বাসিন্দারা। সেবার তিনমাসের মধ্যে কাজ শুরুর আশ্বাস মিললেও বাস্তবে কিছুই হয়নি। এবার পরিস্থিতি আরও খারাপ। টানা বৃষ্টিতে রাস্তায় হাঁটা-চলাও অসম্ভব হয়ে পড়েছে। অ্যাম্বুলেন্স চলাচল করতে পারছে না।
সকাল ১১টা নাগাদ শুরু হওয়া অবরোধে সাহেবগঞ্জ, নিগমনগর, বামনহাট, আমবাড়ি ও বালিকা এলাকার বহু বাসিন্দা সমস্যায় পড়েন। সপ্তাহের প্রথম কর্মদিবসে বহু মানুষ দিনহাটায় যাওয়ার পথে আটকে পড়েন। যাত্রীবোঝাই গাড়ি দাঁড়িয়ে পড়ে অবরোধস্থলে। গাড়ি চালক প্রদীপ বর্মন বলেন, অফিস টাইমে যাত্রী নিয়ে যাচ্ছিলাম। একঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। বহু মানুষ অফিসে দেরিতে পৌঁছেছেন।
স্থানীয় বাসিন্দা ভিক্টর সরকার এবং দিলীপকুমার বর্মন বলেন, ২০১৯ সালেও একই দাবিতে অবরোধ করেছিলাম। রাস্তা সারানোর আশ্বাস মিললেও কাজ হয়নি। গ্রামবাসীরাই পাথর ফেলে রাস্তাটি চলার উপযোগী করেছিলেন। এবার পরিস্থিতি ভয়ঙ্কর। প্রায় একঘণ্টা পর দিনহাটা থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিসি আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা। এ বিষয়ে দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান কণিকা বর্মন বলেন, রাস্তার দশা সম্পর্কে প্রশাসন অবগত। রাস্তা সংস্কারের আগে সেখানে একটি কালভার্ট নির্মাণ প্রয়োজন। তার টেন্ডার হয়ে গিয়েছে। এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে। রাস্তাটিও দ্রুত সংস্কার করা হবে। নিজস্ব চিত্র।