সংবাদদাতা, কাঁথি: রাজ্যে পালাবদলের পর থেকেই অ্যাকশন মোডে বিজেপি সরকার। একের পর এক অভিযুক্তদের ধরে তাদের বিরুদ্ধে যথারীতি ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এবার চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া এবং প্রতারণা-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হলেন পটাশপুরের তৃণমূল নেতা পীযূষকান্তি পণ্ডা। তিনি এবারের বিধানসভা নির্বাচনে পটাশপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন। পাশাপাশি তিনি দলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্বেও ছিলেন। বর্তমানে তিনি পটাশপুর-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পদেও রয়েছেন।
জানা গিয়েছে, একটি পুরনো মামলার প্রেক্ষিতে সোমবার রাতে পীযূষকান্তি পণ্ডাকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে কাঁথি মহকুমা আদালতে পেশ করার কথা রয়েছে। তাঁর গ্রেপ্তারির ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। প্রসঙ্গত, আজ থেকেই বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীদের উপর অত্যাচার, সন্ত্রাস-সহ একাধিক অভিযোগে অনশনে বসার ডাক দিয়েছিলেন পীযূষকান্তি। সেই কর্মসূচি শুরুর আগেই তাঁর গ্রেপ্তারিকে ঘিরে উঠছে রাজনৈতিক প্রশ্ন। থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় পীযূষকান্তি অভিযোগ করেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দাবি, গ্রেপ্তার করেও তাঁর প্রতিবাদ থামানো যাবে না। তিনি বলেন, 'আমি অনশনে আছি এবং আমি অনশনে থাকব। আমার লড়াই জারি থাকবে। আমার প্রতিবাদ জারি থাকবে। এভাবে আমার মুখ বন্ধ করা যাবে না।'