Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাঁটিবাঁধ থেকে সরডিহা স্টেশন পর্যন্ত রাস্তার কাজ থমকে, ক্ষুব্ধ বাসিন্দারা

ঝাড়গ্ৰামের মানিকপাড়া গ্ৰাম পঞ্চায়েতের ঝাঁটিবাঁধ থেকে সরডিহা স্টেশন পর্যন্ত রাস্তার কাজ থমকে রয়েছে। অর্ধসমাপ্ত নুড়ি-পাথর ফেলা রাস্তার উপর দিয়েই স্থানীয়রা চলাচল করছেন।

ঝাঁটিবাঁধ থেকে সরডিহা স্টেশন পর্যন্ত রাস্তার কাজ থমকে, ক্ষুব্ধ বাসিন্দারা
  • ৪ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্ৰামের মানিকপাড়া গ্ৰাম পঞ্চায়েতের ঝাঁটিবাঁধ থেকে সরডিহা স্টেশন পর্যন্ত রাস্তার কাজ থমকে রয়েছে। অর্ধসমাপ্ত নুড়ি-পাথর ফেলা রাস্তার উপর দিয়েই স্থানীয়রা চলাচল করছেন। নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। মন্ত্রী বীরবাহা হাঁসদা গত বছর ফিতে কেটে রাস্তার উদ্বোধন করেছিলেন। মাঝপথে রাস্তার কাজ থমকে যাওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাঁরা দ্রুত রাস্তার কাজ শেষ করার দাবি জানিয়েছেন।

Advertisement

মানিকপাড়া গ্ৰাম পঞ্চায়েতের ঝাঁটিবাঁধ-সরডিহা অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। ঝাঁটিবাঁধ সহ পাঁচ-ছ’টি গ্ৰামের বাসিন্দা এই রাস্তা ব্যবহার করেন। তাঁরা স্কুল-কলেজ, বাজারহাটের জন্য মানিকপাড়ায় আসেন। সরডিহা স্টেশনে যেতে হলেও এই রাস্তাটিই ভরসা। গত বছরের মার্চ মাস থেকে পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের উদ্যোগে পাঁচ কিলোমিটার পিচ রাস্তার কাজ শুরু হয়। সেপ্টেম্বরে সেই কাজ হঠাৎ বন্ধ হয়ে যায়। ছ’মাস পেরিয়ে যাওয়ার পরেও কাজ শুরু না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, অর্ধেক কাজ হওয়ায় রাস্তাটি চলাচলের ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠেছে। যানবাহন চলার সময় নুড়ি-পাথর ছিটকে পথচারীদের গায়ে লাগছে। চারিদিক ধুলোয় ঢেকে যাচ্ছে। যানবাহনের চাকা পিছলে যাচ্ছে। প্রতিদিন চলাচল করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা নাকাল হচ্ছেন। স্থানীয় গ্ৰাম পঞ্চায়েতের তরফেও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

ঝাঁটিবাঁধ গ্ৰামের বাসিন্দা দুলাল সোরেন বলেন, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটি পিচ করার। গত বছর বনমন্ত্রী স্বয়ং ফিতে কেটে রাস্তা তৈরির শিলান্যাস করেছিলেন। রাস্তার কাজও শুরু হয়েছিল। কিন্তু, হঠাৎই কাজ থমকে যায়। এই রাস্তার উপর পাঁচ-সাতটি গ্ৰামের মানুষ নির্ভর করে। স্থানীয় চাষিরা জমিতে ফলানো সব্জি এই রাস্তা দিয়েই মানিকপাড়া বাজারে নিয়ে যান। সেই সব্জির একটা অংশ সরডিহা স্টেশন হয়ে টাটানগর ও খড়্গপুরে পৌঁছে যায়। স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত প্রধানকে বহুবার বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। অপর বাসিন্দা পেরু মাণ্ডি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ হবে বলে আশা করেছিলাম। অর্ধেক কাজ হয়ে রাস্তাটি পড়ে আছে। গ্ৰামের অল্পবয়সি ছেলেমেয়েরা সাইকেলে করে এই রাস্তা দিয়ে স্কুল-কলেজে যাচ্ছে। যানবাহন চলাচলের সময় নুড়ি-পাথর ছিটকে গায়ে লেগে অনেকে জখম হচ্ছেন। রাস্তার কাজ দ্রুত শুরু হোক, সেটাই আমরা চাইছি।

মানিকপাড়া গ্ৰাম পঞ্চায়েতের প্রধান শত্রুঘ্ন মাহাত বলেন, ঝাঁটিবাঁধ সহ বেশ কয়েকটি গ্ৰামের বাসিন্দা ওই রাস্তাটি ব্যবহার করেন। চলাচল করতে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে বারবার আমাদের অভিযোগ জানাচ্ছেন। মন্ত্রী সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরকে রাস্তার বিষয়ে জানানো হয়েছে। বহু মানুষের স্বার্থে রাস্তার কাজ দ্রুত শেষ হওয়া দরকার। জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারাণ্ডি বলেন, কাজটি যাতে দ্রুত শেষ করা যায়, তা নিয়ে পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের সঙ্গে কথা বলব।

সম্পর্কিত সংবাদ