সংবাদদাতা, চাঁচল: অল্প বৃষ্টি হলেই ডুবে যায় ব্যস্ততম রাস্তা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হালকা বৃষ্টিতে ফের ডুবল মালদহের চাঁচল কলেজ যাওয়ার রাস্তা। এদিন যাতায়াত করতে গিয়ে চরম সমস্যায় পড়েন ছাত্রছাত্রী ও স্থানীয়রা। সেখানে নিকাশি নালা ও রাস্তা সংস্কারের জোরালো দাবি উঠেছে। অভিযোগ, জলমগ্ন রাস্তায় চলাচল করতে গিয়ে গাড়ি যাওয়ার সময় নোংরা জল ছিটকে পড়ে পথচারীদের পোশাকে। বর্ষার মরসুমেও এমন দুর্ভোগের শিকার হতে হয় এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের। ওই এলাকায় চাঁচল কলেজের পাশাপাশি একটি হাই ও প্রাইমারি স্কুল সহ একাধিক সরকারি ও বেসরকারি অফিস রয়েছে। এদিন রাস্তা জলমগ্ন হওয়ায় জল ভেঙে যাতায়াত করতে হয় পড়ুয়াদের। চাঁচল কলেজের ছাত্র মেরাজ আলির কথায়, চাঁচল সদরের মতো জায়গায় এমন বেহাল পরিস্থিতি ভাবা যায় না। দু’বছর ধরে দেখছি রাস্তায় এভাবে জল জমে থাকছে। প্রশাসন দ্রুত বিষয়টি দেখুক।



