নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সদ্য রাস্তা সারাই হলেও উঠতে শুরু করেছে পিচের প্রলেপ, পাথর। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। হুগলির কোন্নগরের নৈটিতে রাস্তা সংস্কারের কাজ নিম্নমানের হয়েছে বলে অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন বিজেপির স্থানীয় কর্মীরা। বৃহস্পতিবার ওই ঘটনাকে ঘিরে সরগরম হয়ে ওঠে এলাকা। বিজেপি কর্মীদের দাবি, তৃণমূলের আমলে প্রভাবশালী ঠিকাদাররা ইচ্ছাকৃতভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার কাজ করেছেন। বিজেপি সরকার ও স্থানীয় বিধায়কের ভাবমূর্তি নষ্ট করাই তাঁদের উদ্দেশ্য। স্থানীয় বিজেপি নেতা রাজেশ রজক বলেন, ষড়যন্ত্র করে নিম্নমানের কাজ করা হচ্ছে। তাই রাস্তার কাজ বন্ধ রাখা হয়েছে। সঠিক মূল্যায়নের পরেই রাস্তার কাজ শুরু হবে। তৃণমূল নেতৃত্ব দলের অনুগত ঠিকাদার গোষ্ঠীকে ব্যবহার করে মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করতে চাইছে। পাশাপাশি, বিজেপি সরকার ও বিধায়কের ভাবমূর্তি নষ্ট করার পরিকল্পনা করেছে। যদিও তৃণমূলের জেলা সভাপতি প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার বলেন, আমাদের নাম করে আসলে দলেরই ভিন্ন গোষ্ঠীকে বার্তা দিতে চেয়েছেন বিজেপির ওই কর্মীরা। বিজেপির প্রশাসনই রাস্তা তৈরির কাজ করছে। সাহস থাকলে বিজেপির ওই নেতারা তাঁদের বিরুদ্ধে সরব হন। প্রসঙ্গত, নৈটির রাস্তা বরাবরই স্থানীয়দের কাছে মাথাব্যথার কারণ। সম্প্রতি সেই রাস্তা সংস্কার শুরু হয়েছিল। নিজস্ব চিত্র



