নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুজোর আগে শহরের বড় রাস্তা সংস্কারের কাজে হাত দিয়েছিল কেএমডিএ। বোরো ভিত্তিক ছোট রাস্তার প্যাচওয়ার্কের কাজ শুরু করেছিল হাওড়া পুরসভা। কিন্তু নিম্নচাপের বৃষ্টি গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। শহরের কমবেশি প্রতিটি রাস্তা যেভাবে বেহাল হয়ে রয়েছে, তাতে মহালয়ার আগে কাজ শেষ করা নিয়ে ধন্ধে পুরসভা। মণ্ডপে প্রতিমা নিয়ে আসা হবে কীভাবে, সংশয়ে বড় পুজো উদ্যোক্তারা।
বেনারস রোড, বেলিলিয়াস রোড, ইস্ট ওয়েস্ট বাইপাস, নরসিংহ দত্ত রোড, নেতাজি সুভাষ রোড, পঞ্চাননতলা রোড সহ শহরের ৮টি বড় রাস্তায় কংক্রিটের আস্তরণ বসানোর কাজ করছে কেএমডিএ। বেহাল রাস্তা সারাতে গিয়ে রাস্তার উচ্চতা অত্যধিক বেড়ে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে মধ্য হাওড়ার বেশ কিছু জায়গায়। পুজোর সময় যাতে বেহাল রাস্তা দর্শনার্থী ও ক্লাব কমিটিগুলির কাছে যন্ত্রণার কারণ হয়ে না দাঁড়ায়, সেজন্য রাত-দিন এক করে কাজ চলছে। কিন্তু দু’দিনের বৃষ্টি কপালে চিন্তার ভাঁজ চওড়া করেছে। এদিকে বোরো এলাকার রাস্তাগুলির গর্ত বাড়তে বাড়তে মরণফাঁদ হয়ে উঠেছে। বৃষ্টির জমা জল সরিয়ে সেখানে প্যাচওয়ার্ক করতে কালঘাম ছুটছে পুরসভার। মহালয়ার মাত্র পাঁচ দিন আগেও চরম বেহাল ফরশোর রোডে মেরামতির কাজে হাত দিতে পারেনি পুরসভা। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, ‘পুজোর আগে যাতে সাতটি বোরোর প্রতিটি রাস্তাতেই প্যাচওয়ার্ক শেষ হয়, সেজন্য নতুন করে ৬০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। যেভাবেই হোক রাস্তা সারাইয়ের কাজ চলবে।’
শহরের গুরুত্বপূর্ণ রাস্তা শৈলেন মান্না সরণি ও হাওড়া-আমতা রোডের সংস্কারের দায়িত্ব বর্তমানে জাতীয় সড়ক কর্তৃপক্ষের। খানাখন্দ নেই এমন জায়গা খুঁজে বের করা দুষ্কর শৈলেন মান্না সরণিতে। একই অবস্থা আমতা রোডেরও। এই দুটি রাস্তাকে পুজোর আগে আদৌ হাল ফেরাতে দেখা যাবে কি না, সে বিষয়ে কোনও ইঙ্গিত মেলেনি। এদিকে বেলেপোল থেকে শৈলেন মান্না সরণি ধরেই বড় বড় ক্লাব প্রতিমা নিয়ে যাবে মণ্ডপের দিকে। মধ্য হাওড়া ও শিবপুরের বড় পুজো উদ্যোক্তাদের কথায়, ‘মহালয়ার পরের দিন থেকেই প্রতিমা নিয়ে আসার ভিড় শুরু হবে। রাস্তার যে অবস্থা, তাতে যানজট মাত্রা ছাড়াবে। অক্ষত অবস্থায় কীভাবে প্রতিমা আনা হবে, সেটা বড় চিন্তার বিষয়।’ অন্যদিকে, শালিমার স্টেশনকে ওভারব্রিজের সঙ্গে যুক্ত করতে বেতাইতলায় কাজ শুরু করেছে রেল। সেখানে পাকা রাস্তা বলে আর কিছুই অবশিষ্ট নেই। শালিমার জিআরপি থানায় যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা ভগবান গাঙ্গুলি লেন পরিণত হয়েছে পুকুরে। হেঁটে যাওয়া তো দূরঅস্ত, বাইক কিংবা ছোট গাড়ি নিয়েও এখন এই রাস্তা দিয়ে যাওয়ার উপায় নেই। কবে এই রাস্তা সংস্কার হবে, জানেন না কেউই। নিজস্ব চিত্র