Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাথরপ্রতিমায় আট বছর ধরে বেহাল রাস্তা, খানাখন্দ-গর্তে পথ চলাই দায়

পাথরপ্রতিমায় আট বছর ধরে বেহাল রাস্তা, খানাখন্দ-গর্তে পথ চলাই দায়
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: দীর্ঘ আট বছর ধরে বেহাল হয়ে পড়ে পাথরপ্রতিমার দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরের ইটের রাস্তা। অতীতে রাস্তাটি মাটির ছিল। প্রায় ১৫ বছর আগে ইট পাতা হয়েছে। কিন্তু তারপর থেকে আর মেরামত করা হয়নি। বর্তমান রাস্তার যেখানে-সেখানে ইট উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও বহু জায়গায় মাটি বসে গিয়ে রাস্তার দুই ধারে ভাঙা ইট খাড়া হয়ে পড়ে রয়েছে। হাঁটতে গিয়ে প্রায়ই এলাকার বাসিন্দারা হোঁচট খেয়ে পড়ে গিয়ে আহত হন। রাতের বেলায় সমস্যা আরও বেড়ে যায়। তখন ঠিকমতো হাঁটাই যায় না।

Advertisement

তার উপর এক পশলা বৃষ্টি হলে ইটের ফাঁকে ফাঁকে জল দাঁড়িয়ে যায়। এলাকার কোনও বাসিন্দা অসুস্থ হয়ে পড়লে এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। এমনকী ভ্যানেও যাতায়াত করা যায় না। তখন এই এলাকার বাসিন্দাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। কোলে করে রোগীকে নিয়ে দীর্ঘ পথ হেঁটে গিয়ে গাড়ি ধরতে হয়। গ্রামবাসীদের অভিযোগ, এই বিষয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনও লাভ হয়নি। কেবলমাত্র আশ্বাসই মিলেছে।
এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা শুভঙ্কর পাখিরা বলেন, সপ্তমুখী নদী বাঁধ থেকে বাঁধা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার ইটের রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। অথচ এই রাস্তার দুই ধারে আড়াইশোটি পরিবার মিলিয়ে প্রায় দেড় হাজার মানুষ বসবাস করে। রোজ এই রাস্তাটি দিয়ে গ্রামবাসীরা ছাড়াও অন্যান্য এলাকার বাসিন্দারাও যাতায়াত করেন। এটি এই এলাকার খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা হলেও প্রশাসনের পক্ষ থেকে মেরামত করার কোনও উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষার আগে এটি মেরামত করা না হলে গ্রামবাসীদের খুবই সমস্যার মধ্যে পড়তে হবে। বিষয়টি নিয়ে পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা বলেন, এই ব্লকে প্রচুর রাস্তা তৈরি করা হয়েছে। ভারি গাড়ি যাতায়াতের কারণে হয়তো কয়েকটি রাস্তার এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খোঁজ নিয়ে দেখছি। যদি রাস্তাটি সত্যিই বেহাল হয়ে থাকে, তাহলে অবশ্যই মেরামত করা হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ