Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মন্দারমণিতে ডাম্পার থেকে মাটি পড়ে রাস্তা বেহাল, পথ অবরোধ বাসিন্দাদের

মন্দারমণিতে ডাম্পার থেকে মাটি পড়ে রাস্তা বেহাল, পথ অবরোধ বাসিন্দাদের
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: শনিবার রাতে পর্যটন কেন্দ্র মন্দারমণি সংলগ্ন রানিয়ার সিডাইক এলাকায় ডাম্পার থেকে কাদামাটি পড়ে রাস্তায়। সেই কর্দমাক্ত রাস্তায় রবিবার সকালে চারজন বাইক আরোহী দুর্ঘটনার শিকার হন। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রানিয়ায় চাউলখোলা-মন্দারমণি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বেআইনি ভাবে তোলা মাটি দিয়ে মন্দারমণির নির্মীয়মাণ হোটেল-লজের জায়গা ভরাট হচ্ছে বলে তাঁদের অভিযোগ। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। আধঘণ্টারও বেশি সময় ধরে বিক্ষোভ চলে। রাস্তার দু’দিকে প্রচুর গাড়ি আটকে পড়ে। শেষ পর্যন্ত পুলিস ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ ওঠে। জানা গিয়েছে, শনিবার রাতে একাধিক ডাম্পারে কাদামাটি মন্দারমণি নিয়ে যাওয়া হচ্ছিল। প্রায় প্রতিদিনই ডাম্পারে মাটি নিয়ে যাওয়া হয়। তবে এভাবে রাস্তা কাদায় মাখামাখি হওয়ার ঘটনা এই প্রথম। রবিবার সকালে এলাকার বাসিন্দারা দেখেন, রানিয়া এলাকায় রাস্তায় অনেকটা অংশজুড়ে কাদামাটি পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দা অমিতশঙ্কর দাস বলেন, রাতের অন্ধকারে সরকারি মাটি চুরি হয়ে যাচ্ছে। আমরা জানতে পেরেছি, রামনগরের সাপুয়া এলাকায় খালের ধারের মাটি চুরি করে বিক্রি করা হচ্ছে। সেই মাটিই মন্দারমণির হোটেল-লজে আসছে। রাতের অন্ধকারে এমন ঘটনা ঘটলেও পুলিস-প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। এই ঘটনার পুনরাবৃত্তি হলে আমরা জোরদার আন্দোলনে নামব। মন্দারমণি কোস্টাল থানার ওসি অর্কদীপ হালদার বলেন, বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। রাস্তায় যাতে মাটি পড়ে এলাকার বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা না হয়, সেটা আমরা নিশ্চয়ই দেখব। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ