কেটুয়াপোল থেকে বেলকুলাই যাওয়ার রাস্তা বেহাল, ক্ষোভ
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: রাস্তার কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত, আবার কোথাও পিচ উঠে এবড়ো-খেবড়ো। তাতে বৃষ্টির জল জমে পরিস্থিতি আরো ঘোরালো হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে উলুবেড়িয়া ২ ব্লকের রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের কেটুয়াপোল থেকে বেলকুলাই বিদ্যালয় পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার এখন এই হাল। প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। কেটুয়াপোল থেকে বেলকুলাই যাওয়ার রাস্তাটি এলাকার বাসিন্দাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বেলকুলাই সাহাপুর ও নলপুরের বহু বাসিন্দা এই রাস্তা ব্যাবহার করেন। রাস্তাটি দিয়েই স্থানীয় বেলকুলাই উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা যাতায়াত করে। কিন্তু বর্তমানে এই রাস্তাই বেহাল দশায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন রাস্তা সংস্কার না হওয়ার ফলে কোথাও তার পিচের আস্তরণ উঠে গিয়েছে, আবার কোথাও বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। বাইক থেকে টোটো দুর্ঘটনার কবলে পড়ছে। তাঁদের অভিযোগ, বৃষ্টি হলে পরিস্থিতি আরো ঘোরালো হয়। রাস্তার মাঝে থাকা গর্তে জল জমে যায়, তাতে গর্তের গভীরতা আন্দাজ করতে না পেরে বিপাকে পড়েন চালকরা। এলাকাবাসীদের বক্তব্য, আগের সরকারের আমলে বছর দেড়েক আগে রাস্তা সংস্কার করা হলেও বর্তমানে সেটি ফের আগের অবস্থায় ফিরে এসেছে। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ব্যাপারে উলুবেড়িয়া ২ পঞ্চায়েত সমিতির সভাপতি পিতু দাস বলেন, বিষয়টি খোঁজ নিয়ে সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।   

Advertisement