সংবাদদাতা, চাঁচল: কয়েক বছর ধরে বেহাল পাঁচ কিমি পাকা রাস্তা। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় রাস্তাটি তৈরির পর আর সংস্কার হয়নি বলে অভিযোগ। মালদহের চাঁচল সদরের পুরনো ৩১ নম্বর জাতীয় সড়কের পাঞ্চালী মোড় থেকে রাস্তাটি উমরপুর হয়ে রাজাটোলা পর্যন্ত গিয়েছে। বেহাল ওই রাস্তার জন্য বিপাকে পড়েছেন ১০টি গ্রামের মানুষ। সংস্কারের অভাবে রাস্তাটির কঙ্কালসার চেহারা হয়েছে।
পিচের চাদর উঠে অসংখ্য ছোটবড় গর্ত হয়েছে। রাস্তাটি কেন সংস্কার হচ্ছে না সেই প্রশ্ন উঠেছে। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি তুলেছেন ভুক্তভোগী মানুষেরা।
স্থানীয়দের অভিযোগ, পাঞ্চালী মোড়ে যেখান থেকে রাস্তাটি শুরু হয়েছে, সেখানে দুশো মিটারজুড়ে খানাখন্দ তৈরি হয়েছে। অথচ ওই রাস্তা দিয়ে মতিহারপুর গ্রাম পঞ্চায়েত, চাঁচল গ্রাম পঞ্চায়েতের রাজাটোলা, বসন্তপুর, নয়াটুলি, দামুয়া, শঙ্করকলা ও উমরপুর সহ ১০ টি গ্রামের মানুষ যাতায়াত করেন। কিন্তু রাস্তার অধিকাংশেই পিচের চাদর উঠে গিয়ে ছোটবড় গর্ত তৈরি হয়েছে।
এক বাসিন্দা তপন দাস বলেন, তিনবছর আগে একবার সংস্কার করা হয়েছিল। কিন্তু কিছুদিন বাদেই পিচের চাদর উঠে গিয়েছে। বিপজ্জনক অবস্থায় চলাচল করতে হচ্ছে এলাকার মানুষকে। বর্তমানে রাস্তাটি মেরামতের প্রয়োজন। স্থানীয় বাবু সরকার বলেন, বিভিন্ন সময় ছোটগাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে। অ্যাম্বুলেন্সে রোগীদের নিয়ে হাসপাতালে যেতেও সমস্যায় পড়তে হয়। দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।
এক কৃষক ফিরদৌস আলি বলেন, মতিহারপুর সব্জির ভাণ্ডার হিসাবে পরিচিত। এলাকায় প্রচুর সব্জি চাষ হয়। সেই সব্জি চাঁচলে বাজারে বিক্রি করতে যেতে দুর্ভোগের মুখে পড়তে হয়। সময়ে বাজারে পৌঁছনো যায় না। এপ্রসঙ্গে মালদহ জেলাপরিষদের সহসভাধিপতি রফিকুল হোসেন বলেন, বিষয়টি দেখছি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে যাতে সংস্কার হয়, সেই চেষ্টা করব। রাজাটোলা যাওয়ার রাস্তার বেহাল দশা।-নিজস্ব চিত্র