তিরুবনন্তপুরম: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কেরলের পূর্তসচিব থাকাকালীন সড়ক প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ২০০৬ সালের সেই মামলার তদন্ত নতুন করে শুরু করেছে কেরলের কংগ্রেস সরকার। তারই অঙ্গ হিসাবে সোমবার ভিজিলেন্স ও দুর্নীতি দমন ব্যুরোর (ভিএসিবি) অফিসারদের সামনে হাজির হলেন ভি ও সজন নামে এক ঠিকাদার। ভিএসিবি দপ্তরে ঢোকার আগে তিনি বলেন, সড়ক দুর্নীতিতে জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে পূর্বের তদন্ত অপর্যাপ্ত ছিল।
‘ভোটচুরি’ নিয়ে দেশজুড়ে বিতর্কের আবহেই দু’দশক আগে বিশ্বব্যাংকের অনুদানে কেরলে সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়ে সম্প্রতি নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা। ফলে সেই সময় রাজ্যের পূর্তসচিব পদে থাকা জ্ঞানেশ কুমারের ভূমিকা আতশ কাচের নীচে চলে এসেছে। তদন্তকারীদের ডাকে সাড়া দিয়ে এদিন কোল্লাম জেলার চাদয়ামঙ্গলমের বাসিন্দা তথা ঠিকাদার ভি ও সজন হাজিরা দেন ভিএসিবি দপ্তরে। এর আগে তিনি বলেন, পর্যাপ্ত তথ্য থাকা সত্ত্বেও সেই সময় বিস্তারিত তদন্তই হয়নি।
উপযুক্ত তদন্ত না হওয়ায় এই মামলায় তখন জ্ঞানেশ কুমারকে অভিযুক্ত হিসাবে দেখানো যায়নি। সজনের অভিযোগ,
সংস্থার মুখ্য বাণিজ্যিক ম্যানেজার প্রাথমিকভাবে যে বয়ান দিয়েছিলেন, সেখানে জ্ঞানেশ কুমারের জড়িত থাকার ইঙ্গিত ছিল। ওই অফিসারকে চার মাস পরে ফের তলব করা হয়। সেই সময় তাঁকে হুমকি দেওয়া হয়, বয়ান থেকে জ্ঞানেশ কুমারের নাম প্রত্যাহার না করলে বকেয়া বিলের অর্থ আটকে যাবে। চাপের মুখে পড়ে দ্বিতীয় বয়ান দেন তিনি। জ্ঞানেশ কুমারের নাম বাদ পড়ে যায়। সজনের আশা, এবারের তদন্তে প্রামাণ্য নথিপত্র খতিয়ে দেখে সবটা প্রকাশ্যে আনা হবে। উল্লেখ্য, ২১৫ কোটির সড়ক প্রকল্পের কাজে জড়িত মালয়েশিয়ার এক ইঞ্জিনিয়ারের আত্মহত্যা ঘিরে ২০০৬ সালের ওই অনিয়ম প্রকাশ্যে এসেছিল। তবে সেবার তদন্তের প্রক্রিয়া মাঝপথে থমকে গিয়েছিল।



