Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ষা মিটলেই আরামবাগ ও গোঘাটে রাস্তা নির্মাণ, বরাদ্দ ৩৬ কোটি টাকা

বর্ষা মিটলেই আরামবাগ ও গোঘাটে রাস্তা নির্মাণ, বরাদ্দ ৩৬ কোটি টাকা
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বর্ষা মিটলেই আরামবাগ ও গোঘাটে দু’টি পৃথক রাস্তা নির্মাণে নামবে পূর্তদপ্তর। ওই দু’টি রাস্তার জন্য রাজ্য প্রায় ৩৬ কোটি টাকা বরাদ্দ করেছে। আরামবাগ থেকে তিরোল ও গোঘাটের সাওড়া থেকে সানবাঁদি পর্যন্ত রাস্তা নির্মাণ ও সম্প্রসারণ করবে পূর্তদপ্তর।

Advertisement

পূর্তদপ্তরের আরামবাগ মহকুমার এক ইঞ্জিনিয়ার বলেন, দু’টি পৃথক রাস্তা নির্মাণের অনুমোদন এসেছে। তারজন্য ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। এজেন্সি রাস্তার সমীক্ষা করছে। দু’টি রাস্তাই আপাতত ঠিক আছে। কিন্তু, আরও ভালো যোগাযোগের জন্য রাস্তা দু’টি করা হচ্ছে। বৃষ্টির জন্য কাজ শুরু করা যাচ্ছে  না। বর্ষা থামলেই পৃথক দু’টি রাস্তার কাজ হবে। রাস্তা দু’টি চওড়া হবে। সেইজন্য জমি চিহ্নিত করণের কাজও হবে শীঘ্রই। রাস্তার জন্য প্রয়োজনীয় জমি নিতে প্রয়োজনীয় পদক্ষেপ হবে।
পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, আরামবাগ থেকে তিরোল পর্যন্ত রাস্তাটি প্রায় আট কিলোমিটার লম্বা। বর্তমানে রাস্তাটি সাড়ে তিন মিটার চওড়া। সেটি সম্প্রসারণ করে পাঁচ মিটারের করা হবে। তারজন্য প্রায় ২১ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আরামবাগ শহরের নেতাজি স্কয়ার থেকে মেডিক্যাল কলেজের সামনে দিয়ে রাস্তাটি তিরোল পর্যন্ত গিয়েছে। এই রাস্তা দিয়ে আরামবাগের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার সংযোগও রয়েছে। ফলে রাস্তাটি গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই রাস্তা দিয়ে বহু যান চলাচল করে। এবারের বর্ষায় রাস্তার বিভিন্ন অংশ বেহাল হয়েছে বলে দাবি বাসিন্দাদের। তাই পূর্তদপ্তর এই রাস্তা নির্মাণে উদ্যোগী হয়েছে। 
গোঘাটের সানবাঁদি থেকে সাওড়া পর্যন্ত রাস্তাটি প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা। চওড়ায় তা প্রায় সাড়ে তিন মিটার। ২০১৯ সালে রাস্তাটি হুগলি জেলা পরিষদ রক্ষণাবেক্ষণের জন্য পূর্তদপ্তরকে হস্তান্তর করে। এই রাস্তাটি এবার পূর্তদপ্তর নির্মাণ কাজে নামছে। তারজন্য প্রায় ১৫ কোটি ৬০ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য। রাস্তাটির সম্প্রসারণ করে তা সাড়ে পাঁচ মিটারের করা হবে। ওই রাস্তাতেও বাস চলাচল করে। পৃথক দু’টি রাস্তা চওড়া হলে পাশাপাশি দু’টি যানও চলাচল করতে পারবে বলে পূর্তদপ্তরের ইঞ্জিনিয়ার জানিয়েছেন। আরামবাগ থেকে তিরোল পর্যন্ত রাস্তাটির একাংশে যানজট লেগে থাকে। মেডিক্যাল কলেজের পাশাপাশি আরামবাগ স্টেশন যাতায়াতের জন্যও এই রাস্তা ব্যবহার করা হয়। রাস্তাটি সংকীর্ণ থাকায় যান চলাচলে অনেক সময় সমস্যা দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা বলেন, নতুন করে রাস্তা নির্মাণ হলে গতি বাড়বে যান বাহনের। তারসঙ্গে দুর্ঘটনাও কমবে। তবে আরামবাগ মহকুমাজুড়ে আরও অনেক রাস্তা বেহাল হয়ে রয়েছে। সেগুলি সংস্কারে উদ্যোগী হওয়াও প্রয়োজন।

Advertisement
সম্পর্কিত সংবাদ