গ্রাম-শহরে ‘সড়ক সেন্সাস’ শুরু, হবে ডিজিটাল মানচিত্র
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের কোথায় রাস্তা বেহাল, নতুন রাস্তা প্রয়োজন, কোন গ্রামের সঙ্গে হাসপাতাল, স্কুল বা বাজারের যোগাযোগ দুর্বল—এবার সেই তথ্য একত্র করতে উদ্যোগী নবান্ন। গ্রাম থেকে শহর, বিভিন্ন এলাকার সড়ক পরিকাঠামোর ডিজিটাল মানচিত্র তৈরির কাজ শুরু করল রাজ্য পূর্তদপ্তর, যাকে রাজ্য প্রশাসনের অন্দরের চলতি ভাষায় বলা হচ্ছে ‘সড়ক সেন্সাস’। এই মানচিত্র ভবিষ্যতে রাস্তা নির্মাণ, সংস্কারসহ অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা সুনিশ্চিত করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেবে। কেন্দ্রের গতিশক্তি প্রকল্পের অধীন এই কাজ হাতে নিয়েছে পূর্তদপ্তর। ফলে দেশজুড়ে চলা এই সড়ক সেন্সাসের কাজও জুড়ছে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যে জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য রাস্তার অবস্থান নিয়ে তথ্যভাণ্ডার তৈরির কাজ শুরু হয়েছে। জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত ও মৌজাভিত্তিক মানচিত্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ পরিকাঠামোর তথ্যও যুক্ত হচ্ছে। রাজ্যের এক পদস্থ কর্তা জানান, এক্ষেত্রে কোথায় নতুন রাস্তা হলে হাসপাতালে পৌঁছানো সহজ হবে, কোথায় স্কুল বা স্টেশনের সঙ্গে যোগাযোগ বাড়ানো জরুরি, তা চিহ্নিত হবে। মানচিত্র ব্যবহার করে পুরুলিয়া, বাঁকুড়া বা উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকার যোগাযোগ ব্যবস্থায় ঘাটতি চিহ্নিত করা সহজ হবে।

Advertisement