Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ভূতনির চণ্ডীপুরে তৈরি রাস্তা এক মাসেই বেহাল, ক্ষোভ

ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে একমাস আগে নির্মাণ করা হয়েছে ঢালাই রাস্তা। তারমধ্যেই কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাটি ভেঙে গিয়েছে। কার্যত চলাচলের অযোগ্য এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে

ভূতনির চণ্ডীপুরে তৈরি রাস্তা এক মাসেই বেহাল, ক্ষোভ
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানিকচক: ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে একমাস আগে নির্মাণ করা হয়েছে ঢালাই রাস্তা। তারমধ্যেই কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাটি ভেঙে গিয়েছে। কার্যত চলাচলের অযোগ্য এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। নিম্নমানের কাজের অভিযোগ তুলে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যদিও পুকুরের গার্ডওয়াল না থাকায় এই সমস্যা বলে দাবি প্রধানের। মানিকচকের হিরানন্দপুর পঞ্চায়েতের সনাতন টোলা গ্রামের রাসমেলা সংলগ্ন এলাকার ১০০ মিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। একমাস আগে হিরানন্দপুর পঞ্চায়েতের পক্ষ থেকে দু’লক্ষ টাকা ব্যয়ে ৫০ মিটার ঢালাই রাস্তার কাজ করা হয়। কাজে ব্যবহৃত সামগ্রী নিম্নমানের ও মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। এরমধ্যেই কয়েকদিন আগে বৃষ্টিপাতের ফলে বেরিয়ে আসে রাস্তার আসল চেহারা। ঢালাই রাস্তার বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে। এর উপর দিয়েই বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দা মলয় কুমার মণ্ডল বলেন, রাস্তার কাজ নিম্নমানের হওয়ায় এই ভোগান্তি। ৬ ইঞ্চির জায়গায় ৩ ইঞ্চি ঢালাই, রাস্তা নির্মাণে নিয়ে আসা সিমেন্ট ব্যবহার না করেই ঘুরিয়ে নিয়ে গিয়েছে ঠিকাদার। বর্তমানে রাস্তাটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কোনওক্রমে হেঁটে যাতায়াত করতে হয়। আমরা দ্রুত রাস্তার সংস্কার চাই। যদিও দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতের প্রধান শক্তি মণ্ডল বলেন, রাস্তার কাজ নিম্নমানের অভিযোগ ভিত্তিহীন। ঢালাই রাস্তার পাশেই রয়েছে পুকুর। সেখানে কোনও গার্ডওয়াল না থাকার কারণে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দ্রুত গার্ডওয়াল দিয়ে রাস্তাটি সংস্কার করব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ