Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পাঞ্চেত ড্যামের রাস্তায় অবাধে যাতায়তের দাবিতে পথ অবরোধ

পুরুলিয়া থেকে ঝাড়খণ্ড যাওয়ার পাঞ্চেত ড্যামের সড়কে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত মানুষ ও যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ডিভিসি কর্তৃপক্ষ।

পাঞ্চেত ড্যামের রাস্তায় অবাধে যাতায়তের দাবিতে পথ অবরোধ
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: পুরুলিয়া থেকে ঝাড়খণ্ড যাওয়ার পাঞ্চেত ড্যামের সড়কে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত মানুষ ও যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ডিভিসি কর্তৃপক্ষ। এনিয়ে পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকার ও ঝাড়খণ্ডের মানুষের দীর্ঘদিন ধরে ক্ষোভ রয়েছে। তাই দুই রাজ্যের মানুষ রবিবার পাঞ্চেত ড্যাম অবরোধ করলেন। এদিন নিতুড়িয়ার বাসিন্দারা ড্যামের মাঝে ও ঝাড়খণ্ডের মানুষ ড্যামের শেষ সীমানায় অবরোধে শামিল হন।

Advertisement

সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় পাঁচঘণ্টা ধরে অবরোধ চলে। নিতুড়িয়া থানার পুলিশ অবরোধকারীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন। পুলিশ ও প্রশাসন সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবশেষে অবরোধ তুলে নেওয়া হয়। এদিন এলাকার বাসিন্দা বিপ্লব মারান্ডি, রাজেন টুডু, পরেশ মারান্ডি সহ অন্যরা অবরোধে নেতৃত্ব দেন।
অবরোধকারীরা জানান, ডিভিসি কর্তৃপক্ষ অনেকদিন ধরে পাঞ্চেত জলাধারের উপর ভাসমান সোলার প্রোজেক্ট করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আন্দোলন জারি আছে। আবার পাঞ্চেৎ ড্যামের সড়কপথটি রাতে বন্ধ থাকায় দুই রাজ্যের সীমান্তবর্তী এলাকার মানুষ সমস্যায় পড়ছেন। কারণ দৈনন্দিন নানা কাজ, ব্যবসা ও জরুরি প্রয়োজনে তাঁদের ওই পথে আসা-যাওয়া করতে হয়। এই নিষেধাজ্ঞা নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল। সেই ক্ষোভেই এদিন গণআন্দোলনের রূপ নেয়। আন্দোলনকারীদের একমাত্র দাবি, ওই রাস্তায় মানুষ ও গাড়ি চলাচলে কোনো বাধা রাখা যাবে না।
জেলা প্রশাসন জানিয়েছে, এদিন থেকেই ওই পথে মানুষের যাতায়াত ও যান চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। খুব তাড়াতাড়ি আন্দোলনকারীদের প্রতিনিধি, ডিভিসি কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হবে। ওই বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের অবাধ যাতায়াতের জন্য ডিভিসির থেকে লিখিত প্রতিশ্রুতি আদায়ে উদ্যোগ নেওয়া হবে।
আন্দোলনকারীদের তরফে রাজেন টুডু বলেন, এদিন রবিবার হওয়ায় ডিভিসি কর্তৃপক্ষ আলোচনায় বসেনি। তবে পুলিশ ও প্রশাসনের তরফে আশ্বাস মিলেছে। তবে ডিভিসি কর্তৃপক্ষকে লিখিতভাবে প্রতিশ্রুতি দিতে হবে। সোলার প্রোজেক্টের বিরুদ্ধে আন্দোলন একইভাবে চলবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ