সংবাদদাতা, কাকদ্বীপ: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। ঘটনাটি ঘটেছে নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর সেতুর উপরে। মৃত ব্যক্তির নাম শংকর মাইতি (৪৮)। বাড়ি নামখানার চন্দনপিড়ি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে কাকদ্বীপ থেকে দুটি মোটরসাইকেলে করে তিনজন বকখালির দিকে যাচ্ছিলেন। একটি মোটরসাইকেলে স্বামী ও স্ত্রী ছিলেন। অন্য মোটরসাইকেলটি শংকরবাবু একা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। দু’টি মোটরসাইকেল সেতুর উপরে ওঠার সময়ে বিপরীত দিক থেকে একটি বোলেরো গাড়ি আসছিল। সেতুর উপরে উঠে বোলেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দু’টি মোটরসাইকেলে সজোরে ধাক্কা মারে।
একটি মোটরসাইকেলে থাকা শংকরবাবু সেতুর উপর থেকে ছিটকে নীচের রাস্তায় পড়ে যান। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁরা আহত তিনজনকে উদ্ধার করে দ্বারিকনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক শংকরবাবুকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অন্যদিকে আহত দম্পতির মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ঘাতক গাড়ি সহ চালককে আটক করেছে।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা রবিন দাস বলেন, দুর্ঘটনার সময় বিকট শব্দ শোনা গিয়েছিল। ঘটনাস্থলে গিয়ে দেখি বাইক থেকে একজন ছিটকে গিয়ে সেতুর নীচে রাস্তার উপরে গিয়ে পড়েছেন। অতীতে এই সেতুর উপরে এত ভয়াবহ দুর্ঘটনা কখনও ঘটেনি।