Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, জখম ২৪ শ্রমিক, আশঙ্কাজনক ২ জন

বৃষ্টির মধ্যেই ভয়াবহ পথ দুর্ঘটনা খড়্গপুর গ্রামীণের চৌরঙ্গী এলাকায়। সিগন্যালে দাঁড়িয়ে থাকা পিকাপ ভ্যানে সজোরে ধাক্কা মারে একটি ডাম্পার।

খড়্গপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, জখম ২৪ শ্রমিক, আশঙ্কাজনক ২ জন
  • ২৯ জুলাই, ২০২৬ ১৯:০৫
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: বৃষ্টির মধ্যেই ভয়াবহ পথ দুর্ঘটনা খড়্গপুর গ্রামীণের চৌরঙ্গী এলাকায়। সিগন্যালে দাঁড়িয়ে থাকা পিকাপ ভ্যানে সজোরে ধাক্কা মারে একটি ডাম্পার। যার জেরে উল্টে যায় ওই পিকাপ ভ্যানটি। জখম হয়েছেন পিকাপ ভ্যানে থাকা ২৪ জন শ্রমিক। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। সবাইকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে। বুধবার রাত্রি আটটা নাগাদ চৌরঙ্গীর মোড়ে জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শ্রমিকরা ঝাড়গ্রামের খালশিউলি এলাকা থেকে কাজ করে ফিরছিলেন। পিকাপ ভ্যানে ২৪ জন শ্রমিক ছিলেন। তাঁদের বাড়ি পিংলা থানার জামনা এলাকায়। বাড়ি ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই দ্রুত খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ উদ্ধারকাজ শুরু করে। আহত সকলকেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দু'জনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত পিকাপ ভ্যান এবং ঘাতক ডাম্পারটিকে আটক করেছে।

পুলিশের প্রাথমিক অনুমান, ডাম্পারের চালক বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পিকাপ ভ্যানে সজোরে ধাক্কা মারে। এদিন রাত্রি ন'টা নাগাদ হাসপাতালে চিকিৎসাধীন এক শ্রমিক বলেন, ‘আমরা কাজ করে বাড়ি ফিরছিলাম। চৌরঙ্গীতে রেড সিগন্যাল পড়লে আমাদের পিকাপ ভ্যানটি একটি ডাম্পারের পিছনে দাঁড়িয়েছিল। হঠাৎই পিছন থেকে আর একটি দ্রুতগতির ডাম্পার এসে সজোরে ধাক্কা মারে। তাতেই উল্টে যায় আমাদের গাড়ি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ