Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রেঞ্জার পরিচয় দিয়ে জাতীয় সড়কে ফোন ছিনতাই, পরে টাকার দাবি

রেঞ্জার পরিচয় দিয়ে জাতীয় সড়কে ফোন ছিনতাই, পরে টাকার দাবি
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: বনদপ্তরের রেঞ্জারের ভুয়ো পরিচয় দিয়ে মোবাইল ফোন নিয়ে চম্পট দিল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে করণদিঘির বোতলবাড়ি বাসষ্ট্যান্ড সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে। 
Advertisement
কামারতোড় গ্ৰামের বাসিন্দা দর্শন সিংহ জানিয়েছেন, বোতলবাড়িতে একটি কাঠ চেরাই মিল থেকে নিমকাঠ টোটোতে করে বাড়ি ফিরছিলেন। সেই সময়  বোতলবাড়ি বাসষ্ট্যান্ড থেকে কিছুটা দূরে একটি চার চাকার গাড়ি তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। গাড়ি থেকে একজন নেমে নিজেকে বনদপ্তরের রেঞ্জার পরিচয় দেয়। নিম কাঠের বহনের কাগজ দেখতে চান। সেই সময় আমি মোবাইল বের করে কাঠ চেরাই মিল মালিকে ফোন করতে গেলে সে ফোনটি কেড়ে নেয়। টোটো সমেত কাঠ নিয়ে মিলে যেতে বলে। এরপর মিলে পৌঁছলে ওই ব্যক্তির আর কোনও হদিশ নেই। ঘটনার কথা কাঠ মিলের লোকজন সহ স্থানীয়দের জানানোর পর খোয়া যাওয়া মোবাইল নম্বরে ফোন করলে চল্লিশ হাজার টাকার দাবি করে ওই দুষ্কৃতী। 
স্থানীয়রা জানিয়েছেন, প্রায়ই জাতীয় সড়কের ওপর বিভিন্ন সরকারি দপ্তরের গাড়ি দাঁড়িয়ে থাকে। গাড়ি দাঁড় করিয়ে নথিপত্র যাচাই করে। তবে কারা আসল, আর কারা ভুয়ো, তা বোঝা মুশকিল। দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে জাতীয় সড়কে। তারা নতুন কৌশলে চুরি ও ছিনতাইয়ে নেমেছে। 
এই ঘটনায় করণদিঘি থানার পুলিস জানিয়েছে, বুধবার মোবাইল ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জাতীয় সড়কে চুরি ও ছিনতাই রুখতে পুলিস লাগাতার অভিযান করছে। দুষ্কৃতীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।  
সম্পর্কিত সংবাদ