Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিতলায় অস্ত্র সহ মালদহের ২ কারবারি ধৃত

রানিতলায় অস্ত্র সহ মালদহের ২ কারবারি ধৃত
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: রবিবার সকালে রানিতলা থানার সাদেকের মোড়ে অভিযান চালিয়ে পুলিস আগ্নেয়াস্ত্র সহ দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম আসিকুল শেখ ও জয়নাল শেখ। তাদের বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানার দেওনাপাড়া ছয়ঘরিয়ায়। তাদের কাছ থেকে তিনটি দেশি পিস্তল ও ছ’টি ম্যাগাজিন বাজেয়াপ্ত হয়েছে। ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, এরা এদিন সকালে মালদহ থেকে ট্রেনে এসে আজিমগঞ্জে নামে। এরপর নদী পেরিয়ে জিয়াগঞ্জ স্টেশনে আসে। সেখান থেকে ট্রেনে ভগবানগোলায় এসে টোটোয় চেপে শেখপাড়ায় যাচ্ছিল। সেখানে আগ্নেয়াস্ত্র হাতবদলের কথা ছিল। কিন্তু, তার আগেই সাদেকের মোড়ে দু’জনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়।
Advertisement
শেখপাড়ায় এরা কাকে আগ্নেয়াস্ত্র হাতবদল করতে এসেছিল, এই কারবারে আরও কারা যুক্ত রয়েছে, তা আমরা জানার চেষ্টা করছি। ধৃতরা আন্তঃরাজ্য অস্ত্র কারবারে যুক্ত কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিস জানিয়েছে, গোয়েন্দা সূত্রে খবর মিলেছিল এদিন সকালে রানিতলা থানার সাদেকের মোড় দিয়ে আগ্নেয়াস্ত্র পাচার হবে। সেই অনুযায়ী এদিন সকাল থেকে ওই এলাকায় নাকা তল্লাশি শুরু হয়। বেলা ১১টা নাগাদ একটি টোটোকে দাঁড় করিয়ে দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কথাবার্তায় অসঙ্গতি পেয়ে তল্লাশি চালানো হয়। ধৃতদের কোমরে গোঁজা ছিল আগ্নেয়াস্ত্রগুলি। তিনটি পিস্তল ও ছ’টি ম্যাগাজিন বাজেয়াপ্ত করা হয়েছে। বুধবার রাতেও ডোমকল থানার পুলিস দু’টি রাইফেল সহ স্থানীয় এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছিল।
সম্পর্কিত সংবাদ