Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিতলায় ভাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে পালাল দাদা

রানিতলায় ভাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে পালাল দাদা
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: পুরনো বিবাদের জেরে ভাইয়ের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। আগুনে বাড়ির আসবাবপত্র সহ সমস্ত জিনিসপত্র ভস্মীভূত হয়। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভান। রবিবার রাতে রানিতলা থানার সানারুলের মোড় এলাকার ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর থেকে অভিযুক্ত দাদা মোক্তার শেখ পলাতক। থানার এক আধিকারিক বলেন, লিখিত অভিযোগ হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মোক্তার শেখ ও তার ভাই ঈশান শেখ সানারুলের মোড় এলাকার পাশাপাশি বাড়িতে থাকত। অভিযোগ, মোক্তার প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে ভাই ও তার স্ত্রীকে গালিগালাজ করত। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ শুরু হয়। মাস পাঁচেক আগে মোক্তার তার ভাইয়ের স্ত্রী রিয়া খাতুনকে হাঁসুয়া দিয়ে কোপায়। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর তিনি সুস্থ হন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি আর  বাড়ি ফিরে আসেননি। স্বামীর সঙ্গে পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে থাকতে শুরু করেন। নিজেদের বাড়িতে তালা ঝুলছিল। রিয়া বলেন, আমাকে হাঁসুয়া দিয়ে কোপানোর পর আতঙ্কে আর বাড়ি ফিরিনি। তখন থেকে পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে রয়েছি। ভাশুর ওইদিন রাতে বাড়িতে পেট্রল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুনে বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। পুলিস অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। প্রতিবেশী চায়না বিবি বলেন, রাত ১০টার সময় খাওয়াদাওয়া সেরে ঘুমোতে যাচ্ছিলাম। হঠাৎ দেখি পাশের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখি মোক্তার দৌড়ে পালাচ্ছে। এরপর চিৎকার করে সবাইকে ডাকি। প্রতিবেশীরা এসে আগুন নেভায়। খবর পেয়ে রানিতলা থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়।
সম্পর্কিত সংবাদ