Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ম্যাস্টিকের কাজ এশিয়ান হাইওয়েতে

রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ম্যাস্টিকের কাজ এশিয়ান হাইওয়েতে
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বাগডোগরা: বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে এশিয়ান হাইওয়ের কাজে। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা সরব হয়েছেন। মাটিগাড়ার মেডিক্যাল মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়ে-২’তে রাস্তায় বিটুমিনের কাজ চলছে। অভিযোগ, সেই কাজেই ডোমেস্টিক গ্যাস ব্যবহার হচ্ছে। 
Advertisement
এদিকে, এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরাও। দীনেশ রায় নামে এক ব্যবসায়ী বলেন, আমরা দোকানে ১৯ কেজির কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার ব্যবহার করি। বাড়ির গ্যাস ব্যবহার করলে জরিমানা হবে এ কথা ভেবে। কিন্তু প্রকাশ্য রাস্তায় ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার দিয়ে ম্যাস্টিকের কাজ চলছে। প্রশাসনের এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। 
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট কাজের এক সুপারভাইজার জানান, বাড়ির কাজের গ্যাস সিলিন্ডার ব্যবহার করা ঠিক হচ্ছে না, এটা অস্বীকার করার জায়গা নেই। আসলে এই কাজের জন্য নিয়ে আসা তিনটি সিলিন্ডার চুরি হয়ে যাওয়ায় বাড়ির রান্নার এই সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। দ্রুত এটা বদলে নেওয়া হবে। 
এ বিষয়ে তৃণমূলের মাটিগাড়া ব্লক-১ সভাপতি অভিজিৎ পাল বলেন, যে এজেন্ট এই কাজ করছে তাদের টেন্ডারে কোথাও ডোমেস্টিক গ্যাস ব্যবহার করার উল্লেখ থাকতে পারে না। এটা অন্যায়। এতে সাধারণ মানুষ বঞ্চিত হবে বাড়ির রান্নার গ্যাস পেতে। তদন্ত হওয়া উচিত। অপরদিকে, মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে কথা বলব। এজেন্সি এই গ্যাস সিলিন্ডার কোথা থেকে জোগাড় করছে সেদিকটিও খতিয়ে দেখা হবে।  নিজস্ব চিত্র।
সম্পর্কিত সংবাদ