Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিনগরে তৃণমূলের প্রধানকে মারধর

রানিনগরে তৃণমূলের প্রধানকে মারধর
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: দলীয় কার্যালয় থেকে তৃণমূলের প্রধানকে শনিবার সন্ধ্যায় তুলে নিয়ে গিয়ে মারধর করেছে কংগ্রেস কর্মীরা। এমনই অভিযোগ উঠেছে রানিনগর-২ পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধান গোলাম মোর্তাজা মল্লিক রানিনগর থানায় ছ’জন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কংগ্রেসের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
Advertisement
শনিবার সন্ধ্যায় রানিনগরের নবীপুর বাজারে কংগ্রেসের একটি কর্মসূচি ছিল। অভিযোগ, সেই কর্মসূচিতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে নানা কটূ কথা বলা হয়। প্রধানের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য পেশ করা হয়। এরপর কংগ্রেস কর্মীরা প্রধানকে তৃণমূলের কার্যালয় থেকে তুলে নিয়ে গিয়ে প্রকাশ্যে বাজারে মারধর করে। প্রধান কোনওরকমে পালিয়ে বাঁচেন। পঞ্চায়েত প্রধান বলেন, ওইদিন দলীয় কার্যালয়ে বসে ছিলাম। হঠাৎ কয়েকজন কংগ্রেস কর্মী লাঠি, বাঁশ নিয়ে এসে আমাকে তুলে নিয়ে যায়। নবীপুর বাজারে নিয়ে গিয়ে মারধর করা হয়। বিষয়টি থানায় জানিয়েছি। রানিনগর-২ ব্লক কংগ্রেস সভাপতি মমতাজ বেগম হীরা বলেন, কংগ্রেস কর্মীরা ওই ঘটনার সঙ্গে যুক্ত নয়। ওইদিন আদি ও নব্য তৃণমূল কর্মীদের মধ্যে মারপিট হয়েছিল।
সম্পর্কিত সংবাদ