Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিনগর থানায় মৃতদেহ রাখার বিশেষ ঘর তৈরির উদ্যোগ পঞ্চায়েতের

রানিনগর থানায় মৃতদেহ রাখার বিশেষ ঘর তৈরির উদ্যোগ পঞ্চায়েতের
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: রানিনগর থানা এলাকায় বিকেলের পরে পচাগলা দেহ উদ্ধার হলেই এতদিন পড়তে হতো ফ্যাসাদে। মেডিক্যাল কলেজের মর্গ বন্ধ হয়ে যাওয়ায় মৃতদেহ ময়নাতদন্তে পাঠাতে হতো পরের দিন। ততক্ষণ থানাতেই রাখা হতো মৃতদেহ। এদিকে দীর্ঘক্ষণ মৃতদেহ পড়ে থাকায় তাতে পচন ধরে ছড়াত বিকট দুর্গন্ধ। সেই সমস্যা সমাধানে উদ্যোগী হল রানিনগর ২ পঞ্চায়েত সমিতি। তাঁদের উদ্যোগে রানিনগর থানাতেই তৈরি করা হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত মৃতদেহ রাখার ঘর। শীততাপ নিয়ন্ত্রণে থাকায় ওই ঘরে মৃতদেহ রাখলে তাতে চট করে পচন ধরবে না। 
Advertisement
প্রশাসন সূত্রের খবর, পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে ওই ঘর তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। থানার এক প্রান্তে প্রায় ১৮ ফুট দীর্ঘ ও ১২ ফুট প্রস্থ বিশিষ্ট ওই ঘর তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর মাস খানেকের মধ্যেই তার কাজ শেষ হবে বলে দাবি পঞ্চায়েত সমিতির। ওই ঘরে মৃতদেহ সংরক্ষণের জন্য বসানো হবে দু’ টনের এসি। ইতিমধ্যেই পুরো প্রজেক্টের খরচ ধরা হয়েছে প্রায় চার লক্ষ টাকা। 
পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলি বলেন, বিকেল হয়ে গেলে সেদিন আর ময়নাতদন্তের জন্য রানিনগর থানা থেকে মৃতদেহগুলিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানোর সুযোগ থাকে না। আবার অনেক সময়ে পচাগলা দেহ উদ্ধার করার পর ময়নাতদন্তে পাঠানোর আগের প্রক্রিয়া শেষ করার জন্য থানার পাশেই একটি চারিদিক খোলা ঘরের মধ্যে রাখতে হতো। এতে ব্যাপক দুর্গন্ধ ছড়াত। সমস্যাটি আমার নজরে আসে। আমরা শীততাপ নিয়ন্ত্রিত ঘর তৈরির সিদ্ধান্ত নিই। আশা করি মাস খানেকের মধ্যেই ওই কাজ শেষ হবে। রানিনগর ২ ব্লক বিডিও কৃষ্ণনির্মাল্য ভট্টাচার্য্য বলেন, যেসব ক্ষেত্রে মৃতদেহের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরাতহাল করতে হয়, সেসব ক্ষেত্রে বিকেল চারটে বেজে গেলে ওই কাজ সেদিন আর হয় না। পরের দিন তা করতে করতে মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়াত শুরু করত। শীততাপ নিয়ন্ত্রিত ওই ঘর চালু হলে সেই সমস্যা মিটবে।
সম্পর্কিত সংবাদ