সংবাদদাতা, ডোমকল: রানিনগরে শেয়াল তাড়াতে গিয়ে উদ্ধার ছ’টি তাজা সকেট বোমা। সোমবার সকালে রানিনগরের বাবলতলি এলাকায় একটি ইটভাটা সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার হয়েছে ওই তাজা বোমাগুলি। সোমবার দুপুরে সিআইডি’র বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে ওই বোমাগুলিকে নিষ্ক্রিয় করে।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে গ্রামের মধ্যে শেয়াল ঢুকে পড়েছিল। সেই সময় শেয়ালটিকে তাড়ানোর জন্য কয়েকজন বাসিন্দা লাঠি নিয়ে পিছু নিয়েছিল। ওইসময় ইটভাটার পাশে একটি জঙ্গলের মধ্যে একটি সন্দেহজনক প্লাস্টিকের ড্রাম দেখতে পায় তাঁরা। এরপরে পুলিসে খবর গেলে পুলিস এসে ড্রামটির আশপাশ ঘিরে রাখে। পাশপাশি তাঁদের তরফে খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল ইউনিটে। এরপরে সোমবার দুপুরে ইউনিটের কর্মীরা এসে ড্রামের মুখ সরাতেই ভেতরে তাজা সকেট বোমা দেখতে পায়। শেষে নির্দিষ্ট পদ্ধতিতে বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়।



