সংবাদদাতা, ডোমকল: কখনও কাঠফাটা রোদ। কখনও আবার ঝমঝমিয়ে নামে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি। ভারত-বাংলাদেশ সীমান্তের বিঘার পর বিঘা খোলা কৃষি জমিতে চাষ করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগে সমস্যায় পড়তে হতো সীমান্তের কৃষকদের। বৃষ্টি-বজ্রপাতের সময় প্রাণের ঝুঁকি নিয়েই খোলা আকাশের নীচে দাঁড়িয়ে থাকতে হয় অন্নদাতাদের। বছরভর দুর্যোগের হাত থেকে রেহাই দিতে মাঠেই নিরাপদ কৃষক কমিউনিটি সেন্টার তৈরিতে এগিয়ে এল বিএসএফ। শুক্রবার ৭৩ নম্বর ব্যাটালিয়ন বিএসএফের তরফে রানিনগরের রাজানগর ফরোয়ার্ড বিওপি পয়েন্টে ওই সেন্টারের নির্মাণ কাজের সূচনা হয়। বিএসএফ জানিয়েছে, ওই পয়েন্ট এলাকায় মাঠে কাজ করা চাষিরা সেন্টারে বিশ্রাম নিতে পারবেন। সেখানে পরিস্রুত পানীয় জলের পাশপাশি তাঁদের বিশ্রাম নেওয়া ও জরুরি পরিষেবার ব্যবস্থা থাকবে। পাশাপাশি চাষ নিয়ে জ্ঞান বাড়াতে চাষিদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রামও অনুষ্ঠিত হবে। এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের ৭৩ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট দীনেশ সিং। তিনি বলেন, এই এলাকায় হাজার হাজার একর জমি আছে ভারতীয় চাষিদের। তাদের জন্যই আমরা এই সেন্টার খুলছি।



